মধুমতী নদীতে আড়াআড়ি ফাঁদ পেতে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে মধুমতী নদীতে আড়াআড়িভাবে বাঁশ ও জালের ফাঁদ পেতে মাছ শিকার করা হচ্ছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সহযোগিতায় কয়েকজন মৎস্য ব্যবসায়ী এভাবে মাছ শিকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।১৮ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, টগরবন্দ ইউনিয়নে মধুমতী নদীর এক পারে পানাইল ও অপর পারে টিঠাগ্রাম। গ্রাম দুটির দুই পারে নদীতে আড়াআড়িভাবে বাঁশ ও জাল দিয়ে ফাঁদ পাতা হয়েছে। সেখানে মাছ ধরছেন গোপালগঞ্জের ঘ্যানসুর এলাকার মাঝি অমল সরকার। তিনি বলেন, এ ফাঁদে মূলত ইলিশ ধরা পড়ে। তবে বর্তমানে বেশি মাছ ধরা পড়ছে না। অমল বলেন, এ কাজ তদারক করার জন্য খাওয়া বাদে প্রতিদিন তাঁকে ২০০ টাকা করে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিদ্ধেশ্বর রায় এবং আলফাডাঙ্গার মাছ ব্যবসায়ী সরজিৎ মালো ও নির্মল মালো উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আকরামুজ্জামান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফার রহমানের সহায়তায় এ ফাঁদটি দিয়েছেন। গত বছর একই স্থানে এ রকম একটি ফাঁদ দেওয়া হয়েছিল। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে ফাঁদটি অপসারণ করেন। চলতি বছর ফাঁদটির পেছনে আওয়ামী লীগ নেতাদের মদদ থাকায় ফাঁদটি অপসারণ করা হচ্ছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।ফাঁদ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে শেখ আকরাম হোসেন বলেন, ‘এলাকার গরিব মাছবিক্রেতারা আমার কাছে ফাঁদ পেতে মাছ ধরার সুযোগ চান। তাঁদের কথা বিবেচনা করে আমি ইউএনওর বিরোধিতার মুখেও এ ফাঁদ নির্মাণে সমর্থন দিয়েছি।’মৎস্যজীবী সরজিৎ মালো বলেন, তাঁরা ফাঁদটি দেখাশোনা করেন। গোপালগঞ্জের সিদ্ধেশ্বর রায় অর্থ খরচ করে ফাঁদটি পেতেছেন। এ ফাঁদে ধরা পড়া মাছ স্থানীয় গরিব মৎস্যজীবীরা কিনে তা বাজারে বিক্রি করেন। সিদ্ধেশ্বর রায় বলেন, গতবারের অভিজ্ঞতার কারণে তিনি এবার ফাঁদটি দিতে চাননি। কিন্তু আলফাডাঙ্গার স্থানীয় মৎস্যজীবীরা তাঁকে ফাঁদ দিতে উৎসাহ দিয়েছেন। তাই ফাঁদটি দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নান জানান, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নদীর মাঝে আড়াআড়িভাবে ফাঁদ পেতে মাছ ধরা বেআইনি। ফাঁদটি অপসারণ করার জন্য ২৫ এপ্রিল সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেওয়া হয়েছে।আলফাডাঙ্গার ইউএনও মো. আবুল খায়ের বলেন, নদীর মধ্যে আড়াআড়িভাবে দেওয়া ফাঁদটি অপসারণ করার উদ্যোগ নেওয়া হবে।