মধুমতীতে সাতটি ট্রাকসহ ফেরিডুবি
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীর কালনাঘাটে সাতটি মালবোঝাই ট্রাকসহ একটি ফেরি ডুবে গেছে৷ গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে৷
গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ডুবন্ত ফেরি, ট্রাক ও মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি৷ ডুবন্ত ট্রাকে রড, ধান, বালু, সিমেন্ট, কাচসামগ্রী ও মুরিগর খাবার রয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পূর্বপাড় গোপালগঞ্জের কাশিয়ানী থেকে পশ্চিমপাড় লোহাগড়ায় এসে ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফেরিটি কাত হয়ে ডুবতে থাকে৷ ফেরিতে থাকা দুটি পিকআপ ও একটি মাইক্রোবাস দ্রুত ওপরে উঠতে সক্ষম হয়৷
মুরিগর খাবারবোঝাই ট্রাকের চালক মেছের আলী বলেন, অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে ফেরিতে পানি উঠে গিয়েছিল৷ তখনই মনে হচ্ছিল ফেরি ডুবে যাবে৷
ফেরির চালক কাজী মফিজুল ইসলাম বলেন, অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে ফেরি ডুবেছে৷
সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ফেরি, ট্রাক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে৷