মধুমতীর আট কিলোমিটারে পাঁচটি বেড়া, মাছ নিধন

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে আড়াআড়িভাবে বাঁশ ও জালের বেড়া দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। নদীর আট কিলোমিটারে পাঁচটি বেড়া দেওয়া হয়েছে।
দেড় মাস ধরে এভাবে মাছ ধরা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ছোট ফাঁসের জাল ব্যবহার করায় দেশি মাছের পোনাও ধ্বংস হচ্ছে।
মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নদী, খাল ও বিলে স্থায়ী স্থাপনার মাধ্যমে মাছ আহরণ করা যাবে না। কিন্তু এ আইন লঙ্ঘন করে প্রতিবছর মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে জেলেরা লোহাগড়ায় এসে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে অবাধে মাছ নিধন করছেন। এ বছরও তাঁরা মধুমতী নদীর পাঁচটি এলাকায় বেড়া দিয়েছেন। এর মধ্যে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর ঘাটে পাশাপাশি দুটি, এর পাঁচ কিলোমিটার দক্ষিণে জয়পুর ইউনিয়নের ধানাইড় খেয়াঘাটে পাশাপাশি দুটি এবং এর তিন কিলোমিটার পূর্বে একই ইউনিয়নের আড়িয়ারা গ্রামে আরেকটি বেড়া দেওয়া হয়েছে।
মধুমতীতে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা হ্যাপি। তিনি বলেন, মা-ইলিশ মাছ মিঠা পানিতে এসে ডিম ছাড়ে। আর এই ডিম থেকে ইলিশ বড় হয়ে সমুদ্রে যায়। মধুমতী নদীর ওই বাঁশের বেড়ায় আটকানো জালে মা-ইলিশ ও জাটকা এবং অন্যান্য পোনা মাছ ধরা পড়ছে। এর কারণে দেশি প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে। তিনি জানান, সরকারি নীতিমালা অনুযায়ী নদীজুড়ে এভাবে বেড়া দেওয়া যায় না। তবে বেড়া উচ্ছেদ করা ব্যয়বহুল। এ বেড়া তুলে নিতে নোটিশ দেওয়া হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, শালনগর ইউনিয়নের রামকান্তপুর ঘাট বরাবর মাছ শিকারের জন্য নদীর এ পাড় থেকে ও পাড় অবধি (প্রায় ১৮০০ ফুট) বাঁশ দিয়ে আড়াআড়িভাবে দুটি বেড়া দেওয়া হয়েছে। একটি থেকে অপরটির দূরত্ব প্রায় ৩০০ ফুট। বেড়ার সঙ্গে ছোট ফাঁসওয়ালা জাল পানির ওপর থেকে শুরু করে মাটি পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। নৌযান চলাচলের জন্য বেড়ার মাঝখানে প্রায় ৪০ ফুট পরিমাণ জায়গা খোলা রাখা হয়েছে। সেখানেও অস্থায়ী সুতি জাল দিয়ে ফাঁদ পাতা হয়েছে।
এখানে কর্মরত জেলেরা জানান, প্রায় ৪০০ বাঁশ দিয়ে তৈরি একটি বেড়ার পেছনে অন্তত দুই লাখ টাকা খরচ হয়েছে। তিনটি নৌকা ব্যবহার করে তাঁরা মাছ সংগ্রহ করছেন। ছোট ছোট জাটকা, বেলে ও চিংড়ি মাছের পোনা বেশি ধরা পড়ছে। এ ছাড়া ছোট ও বড় আকারের পাঙাশ, আইড়, বোয়ালসহ সবই ধরা পড়ছে এ জালে। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের লিটন মোল্লা, কাসেম আলী, সুশান্ত বিশ্বাস, তারু মোল্লা, সিরাজসহ ১২ জন মাছ ধরছেন। তাঁরাই এ বেড়া তৈরি করেছেন বলে জানান। লিটন ও কাসেম জানান, এই বেড়া দেওয়ার পর তাঁরা দেড় মাস ধরে মাছ ধরছেন। বর্ষাকাল শুরু হওয়ার আগ পর্যন্ত তাঁরা এখানে অবস্থান করবেন।
একইভাবে জয়পুর ইউনিয়নের ধানাইড় খেয়াঘাট বরাবর পাশাপাশি দুটি বেড়া দেওয়া হয়েছে। এখানে মাছ ধরার কাজ করছেন মাগুরার মহম্মদপুর উপজেলার প্রদীপ, বাচ্চু, সঞ্জয়, সজীব, সাগরসহ ১২ জেলে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।