মধুমতীর পেটে যাচ্ছে বসতভিটা, বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার গয়েশপুর-বকশিপুর এলাকার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কারণে বিদ্যালয়ের ঘর সরিয়ে ​নেওয়া হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার গয়েশপুর-বকশিপুর এলাকার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কারণে বিদ্যালয়ের ঘর সরিয়ে ​নেওয়া হচ্ছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ফরিদপুরের মধুখালী উপজেলায় মধুমতী নদীর ভাঙন তীব্র হয়েছে। গত ১০ দিনে অন্তত ৬০টি পরিবারের বসতভিটা নদীর পেটে চলে গেছে। ভাঙনের কবলে পড়েছে দুটি বিদ্যালয় ও শতাধিক ঘরবাড়ি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর, চরগয়েশপুর, বক্সিপুর, বিজয়নগর, জারজনগর ও স্বরবরাজন গ্রামে ভাঙন চলছে। গত ১০ দিনে ভাঙনের তীব্রতা অনেক বেড়ে গেছে। ইতিমধ্যে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ৬০টি পরিবার। আর পানিবন্দী হয়ে আছে পাঁচ শতাধিক পরিবার।
ভাঙনের মুখে পড়া বিদ্যালয় দুটি হলো গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গয়েশপুর-বক্সিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়। পাশাপাশি বিদ্যালয় দুটির অবস্থান উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতী নদীর পশ্চিম পাড়ে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় দুটির নয়টি ভবন থেকে আসবাব সরানো হয়। খুলে ফেলা হয় দরজা ও জানালা।
গয়েশপুর-বক্সিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস গতকাল প্রথম আলোকে বলেন, নদীভাঙনের এ সমস্যার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাঁরা পাঠদানের জন্য বিকল্প জায়গা খোঁজার পরামর্শ দিয়েছেন। তবে কবে থেকে পাঠদান সম্ভব হবে, তিনি জানেন না।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহিদুর রহমান বলেন, ‘উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভবনগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা মালামাল সরিয়ে নিচ্ছি।’
গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওহেদুজ্জামান বলেন, ‘১৯২৩ সালে এই বিদ্যালয়টি স্থাপন করা হয়। তখন এটি ছিল গয়েশপুরে। ৩০ বছর আগে ভাঙনের শিকার হয়ে বিদ্যালয়টি বক্সিপুরের বর্তমান স্থানে আনা হয়। এবার আমরা দ্বিতীয় দফা ভাঙনের করলে পড়েছি।’
ইউএনও লুৎফুন নাহার বলেন, ‘ওই এলাকায় ভাঙন ঠেকাতে ও বিদ্যালয়ের ভবনগুলো রক্ষা করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সবাইকে উদ্যোগ নিতে বলেছি। কিন্তু দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। এ কারণে দুটি বিদ্যালয়ের ভবনের আসবাবসহ আনুষঙ্গিক সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।’