মধুমতীর ভাঙন ঠেকাতে এলাকাবাসীর উদ্যোগ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের খোলাবাড়িয়া থেকে সরাবকান্দি পর্যন্ত মধুমতী নদীর উত্তর পাশে দুই কিলোমিটারজুড়ে চলছে ভাঙন। প্রশাসনের সহায়তায় এ ভাঙন ঠেকাতে এগিয়ে এসেছে এলাকাবাসী। টাকা ও রসদ সরবরাহের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা ভাঙনের কবল থেকে ঘরবাড়ি, দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে শনিবার থেকে নেমে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে নদীভাঙন শুরু হয়। এলাকার হেমায়েত এম আরিফ বলেন, গত মঙ্গলবার ভাঙন রোধে উপায় খুঁজতে মাইকিং করে এলাকাবাসীকে নিয়ে সভা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ওই সভায় উপস্থিত ছিলেন ইউএনও। সভায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে সংগৃহীত টাকায় নদীভাঙন রোধের পরিকল্পনা নেওয়া হয়। সভায় স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণে ইচ্ছুকদের একটি তালিকাও করা হয়। সাবেক ইউপি সদস্য মো. হালিমুজ্জামান বলেন, ১৯৯২-৯৩ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আলফাডাঙ্গা-বানা বেড়িবাঁধটি নির্মাণ করে। ভাঙনের ফলে ওই বাঁধটি হুমকির মুখে রয়েছে।গত রোববার সরেজমিনে বুরাইচ ইউনিয়নের হেলেঞ্চা বাজারসংলগ্ন টিকরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, মধুমতীর তীর ঘেঁষে ভাঙনকবলিত এলাকায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশ দিয়ে বেড়া দিচ্ছে। পাশাপাশি নদীর পাড়ে ফেলার জন্য বস্তায় বালু ভরা হচ্ছে। এলাকার হালিম মিয়া বলেন, ‘গত বুধবার থেকেই আমরা বাঁশ সংগ্রহ শুরু করি। এলাকায় যাঁদের বাঁশঝাড় রয়েছে, তাঁরা বিনা মূল্যে আমাদের বাঁশ দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৫০০ বাঁশ কেটে নদীর পাড়ে বেড়া দেওয়া হয়েছে। ক্ষিতীশ রায় বলেন, ‘আমরা ইউএনও এবং এলাকার লোকজনের সহায়তায় একটি তহবিল করেছি। সেই টাকা দিয়ে এক হাজার ৬০০ বস্তা বালু কিনেছি। এসব বালু বস্তায় ভরা হচ্ছে।’সরেজমিন ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এ পর্যন্ত কোনো বসতবাড়ি বা উল্লেখযোগ্য স্থাপনা না ভাঙলেও হুমকির মুখে রয়েছে আলফাডাঙ্গা-বানা বেড়িবাঁধ, ছয়টি গ্রাম, হেলেঞ্চা বাজারের শতাধিক আধা-পাকা ব্যবসাপ্রতিষ্ঠান, হেলেঞ্চা উচ্চবিদ্যালয়, হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র, এলজিইডির গুদাম, হেলেঞ্চা বাজার মসজিদ এবং দুটি মুঠোফোন টাওয়ার।বুরাইচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওয়াহাব বলেন, ‘গত ১২ বছর ধরে আমাদের এলাকা মধুমতীর ভাঙনের কবলে পড়ছে। নেতারা ভাঙন রোধে কাজ করবেন বলে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন। কিন্তু গত এক যুগে আমরা এর কোনো বাস্তবায়ন দেখিনি। তাই এলাকাবাসী নিজেরাই ভাঙন ঠেকাতে এগিয়ে এসেছে। তবে ভাঙনের ভয়াবহতার কাছে আমাদের এ উদ্যোগ অত্যন্ত নগণ্য।’আলফাডাঙ্গার ইউএনও মোহামঞ্চদ আবুল খায়ের বলেন, ‘এলাকাবাসীকে নিয়ে এ কাজের তদারকি করা হচ্ছে। উপজেলা পরিষদ থেকে এক লাখ ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ছাড় মূল্যে সংগ্রহ করা হয়েছে এক হাজার ৬০০ বালুর বস্তা। তবে আমাদের এ আয়োজন খুবই অপ্রতুল। যেখানে কোটি টাকার প্রশ্ন, সেখানে দুই-তিন লাখ টাকা দিয়ে আর কী করা সম্ভব। তার পরও আমরা চেষ্টা করে যাচ্ছি।’ বিষয়টি ফরিদপুরের জেলা প্রশাসককে জানানো হয়েছে।