মধুমতীর ভাঙনে চার গ্রামে দুর্ভোগ
মধুমতী নদীর ভাঙনে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চারটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ১৮ দিন ধরে নদীভাঙনে অনেক পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। অনেকে তাঁদের বাড়িঘর ও মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
গত সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরে কামারখালীর গয়েশপুর, বক্সিপুর, আড়পাড়া ও কুশুমদী গ্রামে গিয়ে দেখা যায়, মধুমতীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। অনেকে ঘরবাড়ি সরাতে ব্যস্ত। এর মধ্যে গয়েশপুর গ্রামে ভাঙন চরম আকার ধারণ করেছে। ভাঙনের মাত্র ২০০ ফুট দূরে রয়েছে গয়েশপুর-বক্সিপুর মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে আছে স্কুলপাড়া জামে মসজিদ, গয়েশপুর ঈদগাহ মসজিদ ও গয়েশপুর মুসলিম উম্মা কওমি মাদ্রাসা।
বাড়িঘর সরাতে সরাতে কথা বলছিলেন গয়েশপুর গ্রামের আমেনা বেগম (৬৫)। তিনি বলেন, ‘আমার বিয়া হইছে ৪০ বছর। এইবার নিয়া সাতবার ঘর-বাড়ি সরাইয়া নিতে হইল।’ নিজেদের ভিটায় তাঁর মোট চারটি ঘর ছিল। সব কটিই সরিয়ে নিতে হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১১ সেপ্টেম্বর পর্যন্ত গত ১৮ দিনে চারটি গ্রামের ১০০টি পরিবার বসতভিটা সরিয়ে নিয়েছে ও ৩০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এ ছাড়া কুশুমদী গ্রামের জাবেদ ফকির, আজম শেখ, খোকন বিশ্বাসেরসহ ৫০টি পরিবার তাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছে। আড়পাড়া গ্রামের দুলাল শেখ, মোহন মণ্ডল, পান্নু বিশ্বাসসহ ৩০টি পরিবারও সরে গেছে। বক্সিপুর গ্রামের হারুন মণ্ডল, লিটন মণ্ডল, সাহাবুর রহমানসহ ২০টি পরিবার জায়গা ছেড়ে চলে গেছে। আর গয়েশপুরের আসাদ মণ্ডল, চম্পা বেগম, আরব আলীসহ ৩০টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে।
গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওহেদুজ্জামান বলেন, ভাঙন ঠেকাতে না পারলে আগামী বছর এ বিদ্যালয়ের অস্তিত্ব থাকবে কি না সন্দেহ।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (৩ নম্বর ওয়ার্ড) রেজাউল ইসলাম বলেন, গত বছর ভাঙনকবলিত ব্যক্তিরা কোনো সরকারি সাহায্য পাননি। এ বছর ভাঙনকবলিতদের তালিকা করে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা পরিষদে জমা দেওয়া হয়েছে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবউল্লাহ বলেন, মধুমতি নদীর ভাঙনে যাঁদের ঘরবাড়ি ভেঙে গেছে, তাঁদের সরকারি খাসজমি বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।