মধুমতীর ভাঙনে বিপন্ন যোগাযোগব্যবস্থা
ফরিদপুরের মধুখালী উপজেলায় মধুমতী নদীর ভাঙনের কবলে পড়ে কামারখালী-সালামতপুর সড়কের আরও একটি জায়গা ভেঙে গেছে। এ কারণে উপজেলার আটটি গ্রামের সড়ক যোগাযোগব্যবস্থা মারাত্মক হুমকির মধ্যে পড়েছে।
গত বুধবার রাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মালিকানাধীন ওই সড়কটির অরুণ সরকারের বাড়ির মোড় এলাকায় নদীর পাড়ের ২৫০ ফুট দৈর্ঘ্য ও ১৫০ ফুট প্রস্থের একটি অংশ ভেঙে যায়। এ কারণে ওই জায়গায় সড়কটির পাকা অংশের প্রায় অর্ধেক নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা এনামুল হক মাহাবুব জানান, এভাবে ভাঙতে থাকলে কয়েক দিনের মধ্যে সড়কের ওই জায়গাটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভূঁইয়া বলেন, সরেজমিনে পরিদর্শন করে ওই সড়কটি চালু করার উদ্যোগ নেওয়া হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, বিষয়টি আগামী মঙ্গলবার জেলার উন্নয়ন সমন্বয় সভায় তোলা হবে।