মধুমতীর ভাঙনে ৭০টি বসতবাড়ি বিলীন
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পানিপাড়া গ্রামে মধুমতী নদীর ভাঙনে ৭০টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে আরও ৫০টি পরিবারসহ মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন প্রতিরোধে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।সরেজমিনে দেখা গেছে, পানিপাড়া গ্রামের বেশির ভাগই নদীগর্ভে চলে গেছে। গ্রামের জহুরুল ঠাকুর, আবদুর রাজ্জাক, শিরিন সুলতানা, ফিরোজ মোল্যা, মোমরেজ মোল্যাসহ অনেকের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। তাঁদের অনেকে নদীর অপর পারে জেগে ওঠা চরে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। গ্রামের ৫০টি বসতবাড়িসহ ৪০ বছরের পুরোনো মসজিদ-মাদ্রাসা ঝুঁকির মধ্যে রয়েছে। ভাঙন প্রতিরোধে শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী বর্ষা মৌসুমে গ্রামটি সম্পূর্ণ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহুরুল হক ঠাকুর জানান, নদীভাঙনে গ্রামের বেশির ভাগ মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। তিনি দাবি করেন, ভাঙন প্রতিরোধে প্রধানমন্ত্রীসহ অনেক কর্মকর্তার কাছে আবেদন করেও কাজ হয়নি। ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ গাজী জানান, পানিপাড়া গ্রামটি ভাঙনের কবল থেকে রক্ষা করতে না পারলে পুরো মৌজা নদীতে চলে যাবে। জেলা প্রশাসক মো. জহুরুল হক জানান, মধুমতীর ভাঙনের কবল থেকে পানিপাড়া গ্রামটি রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, এলাকাবাসীর কাছ থেকে একটি আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।