মধুমেলার উদ্বোধন, ২৬ প্যান্ডেল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। এদিকে মেলা উদ্বোধনের আগে পুতুলনাচের নামে অশ্লীল নাচের আয়োজন করার অভিযোগে ২৬টি প্যান্ডেল উচ্ছেদ করা হয়।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা হচ্ছে। মেলায় গ্রামীণ পণ্যের পসরা বসেছে। এ ছাড়া যাত্রা, সার্কাস, মোটরসাইকেল কসরত-মৃত্যুকূপ, জাদু প্রদর্শনীর আয়োজন রয়েছে। কবির ভক্তরা কপোতাক্ষ নদের বিদায়ী ঘাটে ভিড় জমাচ্ছেন। তাঁরা কবির জন্মভিটা, বসতবাড়ি ঘুরে দেখেন।
গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ইসমাত আরা সাদেক। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান।
এদিকে ইজারার শর্ত ভেঙে মধুমেলায় পুতুলনাচের নামে অশ্লীল নাচের আয়োজন করার অভিযোগ ওঠে। এ নিয়ে প্রথম আলোয় গত শনিবার ‘পুতুলনাচের নামে অশ্লীলতার আশঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে যশোরের জেলা প্রশাসন ও পুলিশ সুপার যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে প্যান্ডেলগুলো উচ্ছেদ করেন। এ সময় প্যান্ডেলে ব্যবহৃত শব্দযন্ত্রগুলো জব্দ করা হয়।
মেলাসংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, ২৪ লাখ টাকায় মাঠটি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান ফাতেমা এন্টারপ্রাইজকে ইজারা দেওয়া হয়েছে। গতকাল মেলা উদ্বোধনের আগে ২৬টি প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। এ সময় প্যান্ডেলের সামনে বসানো টিকিট কাউন্টার ও প্যান্ডেলে ঢোকার জন্য নির্মিত ফটকও অপসারণ করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মেলার মাঠ থেকে ২৬টি প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ হাসান বলেন, পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের জন্য নির্মিত প্যান্ডেলগুলো উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।