মধুমেলায় হামলা ভাঙচুর লুটপাট
চাঁদার দাবিতে উচ্ছৃঙ্খল যুবকেরা গত বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুমেলায় হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।মেলার মাঠের ইজারাদার আলিম উদ্দীন বলেন, ‘সপ্তাহব্যাপী মেলা চলাকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মফিজের নেতৃত্বে এক দল যুবক বিভিন্ন সময়ে আমার কাছে চাঁদার দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তারা মেলা পণ্ড করতে এই হামলা চালায়।’প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত একটার দিকে উচ্ছৃঙ্খল যুবকদের হামলায় ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট হয়। এ সময় সার্কাসকর্মী ফারুক (৩৫), হেনাসহ (২৪) অন্তত ১০ জন আহত হন।ছাত্রলীগের আহ্বায়ক মফিজ বলেন, ‘চাঁদা দাবির অভিযোগ ঠিক নয়। সার্কাস প্যান্ডেলের লোকজন আমাদের ছেলেদের সঙ্গে খারাপ আচরণ করে। বিষয়টি তাদের কাছে জানতে গেলে তারা আমাদের ওপর চড়াও হয়। এ সময় ছেলেরা উত্তেজিত হয়ে ভাঙচুর করে। তবে মারামারির মধ্যে অসাধু লোকজন স্টলে লুটপাট চালিয়েছে।’