
একসময় বাংলাদেশের মধু বলতে সুন্দরবনের মধুকেই বোঝানো হতো। মৌয়ালদের সংগ্রহ করা ওই মধুর বিপণন দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল। তবে কয়েক বছর ধরে বিশ্ববাজারে পা রেখেছে বাংলাদেশের মধু। আর তা করতে গিয়ে মধুর চাষকেও সুন্দরবনের সীমানা থেকে বেরিয়ে ছড়িয়ে যেতে হয়েছে জেলায় জেলায়। সরিষার খেত আর লিচুবাগান হয়ে উঠেছে মধুর নতুন উৎস।
নব্বইয়ের দশকে ভারতে মধু রপ্তানি শুরু করে বাংলাদেশ। সেটাই শুরু। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের বাজারেও মধু যেত। এখন বিশ্বের অন্যতম বড় ও সংবেদনশীল মধুর বাজার জাপানে রপ্তানি শুরু হয়েছে। গত বছর প্রায় ২০০ টন মধু জাপানে রপ্তানি হয়েছে। এ বছর তা ৩০০ টন ছাড়াতে পারে বলে আশা করছেন বাংলাদেশের রপ্তানিকারকেরা।
এ ব্যাপারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, মধুকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উত্তম পানীয়, যা একই সঙ্গে সুস্বাদু এবং রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারী। নানা ধরনের রোগের ওষুধ হিসেবে মধু খুবই কার্যকর। বেলজিয়ামসহ ইউরোপের বেশ কয়েকটি গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে, বাংলাদেশের মধু বিশ্বমানের।
বাংলাদেশ থেকে ইউরোপের বাজারে মধু রপ্তানি প্রক্রিয়াধীন আছে বলেও জানালেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মৌচাষ প্রকল্পের পরিচালক মো. আমিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে বাংলাদেশ থেকে এপি কোম্পানি জাপানে মধু রপ্তানি শুরু করেছে। এ ছাড়া স্লোভেনিয়া বাংলাদেশ থেকে মধু আমদানির প্রক্রিয়া শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের প্রক্রিয়াও চলছে।
মধুর রপ্তানি বাড়ার প্রধান কারণ সাম্প্রতিক সময়ে দেশের ভেতর মধু উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। বিসিকের উদ্যোগে ১৯৭৭ সালে দেশে প্রথম পরীক্ষামূলকভাবে বাক্সভিত্তিক মধুর বাণিজ্যিক চাষ শুরু হয়। সংস্থাটির হিসাবে, ২০১২ সালেও দেশে মধু উৎপাদন হতো প্রায় দেড় হাজার টন। এরপর ধারাবাহিকভাবে বেড়ে গত বছর মধু উৎপাদন হয়েছে চার হাজার টন। এ বছর তা পাঁচ হাজার টন ছুঁতে পারে বলে বিসিক আশা করছে।
আগে ভারতের ডাবুরসহ কয়েকটি কোম্পানি বাংলাদেশের মধু কিনে নিয়ে যেত কাঁচামাল হিসেবে। তবে গত দুই বছরে এপি, প্রশিকা, বাসা, ট্রপিকা হানি, প্রাণসহ বেশ কয়েকটি কোম্পানি মধু প্রক্রিয়াজাত করার কারখানা স্থাপন করেছে। এই কোম্পানির ব্র্যান্ড দেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি দেশের বাইরে পা রাখতে শুরু করেছে।
দেশে যে চার হাজার টন মধু উৎপাদিত হয়, তার ৭০ শতাংশ আসে সরিষা থেকে, ১০ শতাংশ লিচুবাগান এবং বাকি মধু অন্যান্য উৎস থেকে। দেশে ব্যাপক হারে বাণিজ্যিক মধুর চাষ শুরু হয় ২০১২ সাল থেকে।
মধুর চাষ পরিবেশ ও কৃষির জন্যও উপকারী। জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষণা জানাচ্ছে, মধুর চাষ হয় এমন এলাকায় ফসলের উৎপাদন বেড়ে যাচ্ছে। ২০১৬ সালে ফসল চাষে মৌমাছির ভূমিকা নিয়ে করা এফএওর এক গবেষণায় বলা হয়েছে, মধু আহরণ করতে আসা মৌমাছির কারণে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি আয়তনের জমিতে চাষ হওয়া ফসলের উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ বেড়ে যায়। মৌমাছি প্রাকৃতিক প্রক্রিয়ায় ফসলের পরাগায়ন ঘটায়, ফলে উৎপাদন বাড়ে। বিশেষ করে ফলের উৎপাদন এ ক্ষেত্রে বেশি বাড়ে।

ফিরে আসছে সরিষার তেল
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০১৩-১৪ সালে দেশে ৫ লাখ ৩২ হাজার হেক্টর জমিতে প্রায় ৬ লাখ টন সরিষা উৎপাদিত হয়েছে। ২০১৫-১৬ সালে দেশে সরিষা উৎপাদন ৭ লাখ টন ছাড়িয়ে গেছে। মূলত মধু চাষের উদ্দেশ্যেই সরিষার চাষ করা হলেও সরিষা থেকে উৎপাদিত হয় সরিষার তেল। উৎপাদন বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসা সরিষার তেলও ভোজ্যতেলের বাজারে আবার ফিরে আসছে নতুন রূপে। ভোক্তা পণ্য বাজারজাতকারী দেশের বড় ব্র্যান্ডগুলো বোতলজাত সরিষা বাজারে আনতে শুরু করেছে। সুরেশের পাশাপাশি স্কয়ার, প্রাণ, রূপচাঁদা, এসিআইএর পুষ্টি থেকে শুরু করে নতুন অনেক কোম্পানি সরিষার তেলের বাজার ধরার জন্য প্রতিযোগিতা করছে।
মধু চাষের পথ বেয়ে লিচু উৎপাদনেও বিপ্লব ঘটেছে দেশে। ২০১১ সালে যেখানে ১৮ হাজার ২৪৬ হেক্টর জমিতে ১ লাখ ২০ হাজার টন লিচু হয়েছে, সেখানে ২০১৬ সালে তা বেড়ে প্রায় আড়াই লাখ টন ছুঁয়েছে। অন্যতম পুষ্টিকর এই ফল উচ্চমূল্যের ফসল হিসেবে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
এ ব্যাপারে বাংলাদেশের অন্যতম মধু রপ্তানিকারক প্রতিষ্ঠান ট্রপিকা হানির নির্বাহী পরিচালক মনজুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে ইউরোপের বাজারে মধু রপ্তানির জন্য সনদ পেয়ে গেছি। সরকার থেকে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানির জন্য নিবন্ধন নিলে সেখানে রপ্তানি শুরু হবে।’