মধুর ক্যানটিনে ওয়াই-ফাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আজ শনিবার থেকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য ‘ওয়াই-ফাই’ চালু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্যোগে ক্যানটিনে ১০ এমবিপিএস ব্যান্ডউইথসম্পন্ন ওয়াই-ফাইয়ের দুটি রাওটার বসানো হয়েছে।
আজ শনিবার দুপুরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে ওয়াই-ফাই উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রচারণা অনলাইনে মোকাবিলার জন্য প্রগতিশীল ছাত্র সমাজ এ ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহার করবে।
প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের অগ্রযাত্রাকে দৃঢ় করতে ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি-নির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের বিকল্প নেই।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মধুর ক্যানটিনের ব্যবস্থাপক অরুণ দে, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
কাল থেকে প্রযুক্তি উৎসব শুরু
আগামীকাল রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনব্যাপী তৃতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু হচ্ছে । নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জুনাইদ আহমেদ বলেন, আইটি সোসাইটি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে উৎসবের আয়োজন করেছে। উৎসবে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৫০০ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন। উৎসবে দুটি সেমিনার, একটি কর্মশালা, বিজনেস আইডিয়া নিয়ে প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন থাকবে।