মধুরছড়ার রোহিঙ্গারা বেশি ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কক্সবাজারের উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরে উঁচু পাহাড় কেটে তৈরি ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা বসতি। গত রোববার বিকেলে তোলা ছবি।  প্রথম আলো
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরে উঁচু পাহাড় কেটে তৈরি ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা বসতি। গত রোববার বিকেলে তোলা ছবি। প্রথম আলো

সবচেয়ে বড় এই আশ্রয়শিবিরে আছেন তিন লাখ রোহিঙ্গা। এর মধ্যে পাহাড়ধসের ঝুঁকিতে দেড় লাখ।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি আশ্রয়শিবিরে আছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। স্থানীয় সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গাদের ভাষ্যমতে, এর মধ্যে মধুরছড়া আশ্রয়শিবির ঘিরে ঝুঁকি ও আতঙ্ক সবচেয়ে বেশি।

৫০ থেকে ১১০ ফুট উঁচু কয়েকটি পাহাড়ের পাশ দিয়ে সাপের মতো আঁকাবাঁকা পথে উত্তর দিকে চলে গেছে মধুরছড়া খাল। খালের দুই পাশের কয়েকটি পাহাড় নিয়ে গড়ে ওঠা মধুরছড়া আশ্রয়শিবিরে আছে প্রায় তিন লাখ রোহিঙ্গা। এর মধ্যে পাহাড়ধসের ঝুঁকিতে আছে অন্তত দেড় লাখ রোহিঙ্গা। এটি এখানকার সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র। মধুরছড়ায় ছিল হাতির বিচরণক্ষেত্র। রোহিঙ্গা বসতি হওয়ার পর হাতির আশ্রয়স্থল নষ্ট হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই শিবির ঘুরে দেখা গেছে, আট মাস আগে উঁচু পাহাড় কেটে বাঁশের খুঁটিতে ত্রিপলের ছাউনি ও বেড়া দিয়ে তৈরি করা (একটার নিচে আরেকটা) ঘরগুলো নড়বড়ে হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানলে মুহূর্তে এসব ঘর উপড়ে পড়তে পারে। অথবা অতিবর্ষণের ফলে পাহাড়ধসে শত শত ঘর বিলীন হয়ে নিচে পড়ে যেতে পারে।

দেখা গেছে, ঝোড়ো হাওয়ায় ঘরের ছাউনি যেন উড়ে না যায়, তার জন্য রশি দিয়ে ত্রিপল বেঁধে তার ওপর ইটচাপা দিচ্ছে লোকজন। হাজার হাজার ঘরের ছাউনিতে একই রকম দৃশ্য নজরে পড়েছে।

মধুর ছড়াসহ আশপাশের পাঁচটি শিবিরের দায়িত্বে থাকা ক্যাম্প ইনচার্জ (উপসচিব) শামিমুল হক প্রথম আলোকে বলেন, এই পাহাড়ের এক বর্গকিলোমিটারে গাদাগাদি করে থাকছে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা। অস্বাস্থ্যকর পরিবেশে লোকজন ডায়রিয়া, কলেরা, চর্মরোগে আক্রান্ত হচ্ছে। শামিমুল হকের মতে, এই শিবিরের প্রায় দেড় লাখ রোহিঙ্গা ঝুঁকিতে আছে। ইতিমধ্যে ঝুঁকিতে থাকা ৪০ হাজার রোহিঙ্গাকে নিরাপদ আবাসনে সরিয়ে আনা হয়েছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কালাম বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সহসা শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। যত দিন রোহিঙ্গারা এ দেশে থাকছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে অতিমাত্রায় ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের এখন সরানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও সরিয়ে আনা হবে।

এক বর্গকিমিতে ৭০ হাজার রোহিঙ্গা

প্রায় দুই হাজার একর আয়তনের মধুরছড়ার শিবিরের সবচেয়ে উঁচু পাহাড়টি ‘সি-৪’ ব্লক এলাকায় পড়েছে। পাহাড়টির উচ্চতা প্রায় ১১০ ফুট। পাহাড়চূড়ার ঢালুতে ৮ ফুট প্রস্থ ও ১০ ফুট লম্বা ছোট ঘরে পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে থাকছেন অছিউর রহমান (৫৫)। তাঁর বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর জামবনিয়াপাড়ায়।

অছিউর রহমান প্রথম আলোকে বলেন, রাখাইন রাজ্যের সমতল এলাকায় ছিল রোহিঙ্গাদের বসতি। কিন্তু বাংলাদেশে এসে থাকতে হচ্ছে উঁচু পাহাড়ের ঢালুতে। সামান্য বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া সজোরে ধাক্কা দিলে পাহাড়ের ঢালুতে তৈরি বহু ঘর ধসে পড়বে।

অছিউর রহমানের মেয়ে জমিলা বেগম (১৭) বলে, খাওয়ার পানির জন্য তাকে প্রায় সময় ৯০ ফুট নিচের নলকূপে নামতে হয় এবং পানিভর্তি কলসি নিয়ে আবার কাঁচা রাস্তা মাড়িয়ে পাহাড়ের ওপরে উঠতে হয়। বৃষ্টি হলে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে পড়ে। তখন ওঠানামায় ঝুঁকি বাড়ে। অছিউরের উত্তর পাশে লাগোয়া মো. ইয়াসিনের ঘর। এ ঘরের আয়তনও একই সমান। ঘরে থাকেন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে। ইয়াসিন বলেন, আকাশে মেঘের শব্দ কানে এলে আল্লাহ আল্লাহ জপ করতে হয়।

দক্ষিণ পাশের ঘরটি আজম উল্লাহর। তিনি বলেন, মিয়ানমার সহজে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে না। তাঁর আশঙ্কা, এ পাহাড়ের ঢালুতেই রোহিঙ্গাদের সম্ভবত বাকি জীবন কাটিয়ে দিতে হবে।

সরেজমিনে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা গেছে। শিবিরগুলোতে পানি নামার নালা খনন, সড়কের পাশে পাকা ড্রেন ও কালভার্ট নির্মাণ, পাহাড়ে ওঠানামার জন্য সিঁড়ি তৈরি হচ্ছে। পাহাড়ি ঢল থেকে ঘরবাড়ি রক্ষায় ঘরের পাশে বালুর বস্তা ফেলে মজবুত বাঁধ তৈরি হচ্ছে।

পাথরখণ্ডের নিচে চাপা পড়ে

গত শুক্রবার মধুরছড়া শিবিরের ‘ডবল জিরো’ ব্লকের নতুন রাস্তা এলাকায় পাথরখণ্ডের নিচে চাপা পড়ে আজিজা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।

আজিজা ১০ কিলোমিটার দূরের লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের আই-ওয়ান ব্লকের ৪ নম্বর শেডের রোহিঙ্গা নুরুল আমিনের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মধুরছড়া ডবল জিরো ব্লকের মাঝি সুলতান আহমদ বলেন, কয়েকটি উঁচু পাহাড় কেটে সেখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে। শুক্রবার বেলা ১১টার দিকে তিন শিশু জ্বালানি কাঠ কাঁধে নিয়ে একটি পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর একটি পাথরখণ্ড নিচে ধসে পড়ে শিশুদের চাপা দেয়। পাশের রোহিঙ্গা শ্রমিকেরা মাটি সরিয়ে দুই শিশুকে প্রাণে রক্ষা করলেও অপরজন ঘটনাস্থলে মারা যায়।