মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন কর্মসূচি
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেছে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। কমিটি এ দাবিতে গতকাল শনিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচির অংশ হিসেবে ৭ জানুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের সাংসদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ১০ জানুয়ারি কেশবপুর প্রেসক্লাবে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময়, ২০ জানুয়ারি যশোর শহরে মানববন্ধন, ২২ থেকে ২৮ জানুয়ারি সাগরদাঁড়ির মধুমেলাকে ঘিরে দাবির পক্ষে গণস্বাক্ষর অভিযান করা হবে।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কমিটির আহ্বায়ক এম আর খায়রুল উমাম। তিনি বলেন, বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের স্মৃতিবিজড়িত স্থানে তাঁদের নামে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। কিন্তু এই মাটিতে জন্ম নেওয়া মধুসূদন দত্তের নামে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি, যা অনেক আগেই করা যেত।
উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আইনজীবী আবু বকর সিদ্দিকী, সদস্যসচিব কবি খসরু পারভেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ প্রমুখ।