মধুসূদনের আত্মহননে প্ররোচনা দেওয়ায় মামলা দায়ের
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মধুসূদন চক্রবর্তীকে আত্মহননে প্ররোচিত করার অভিযোগে কলেজের দুজন প্রভাষকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা করা হয়েছে।আসামিরা হলেন মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক এনামুল হক ও ফিজিওলজি বিভাগের প্রভাষক আমিনুল হক।মধুসূদনের বাবা চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেবপুর গ্রামের শংকর চক্রবর্তী বগুড়ার সিনিয়র বিচারিক হাকিমের আদালত-১-এ এই মামলা করেন। মামলার বাদী আরজিতে উল্লেখ করেন, তাঁর ছেলে মধুসূদন চক্রবর্তী বাকপ্রতিবন্ধী (তোতলা) ছিলেন। এ কারণে ক্লাস চলাকালে ওই শিক্ষকেরা তাঁকে নানা রকম ভর্ৎসনা করে আত্মহত্যার জন্য প্ররোচিত করেন। ওই শিক্ষকদের অপমান সহ্য করতে না পেরে মধুসূদন গত বছরের ১১ ডিসেম্বর বগুড়া শহরের চক যাদুরোডের চাঁদনি আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষ ভাড়া নেন। সেখানে তিনি বাবার উদ্দেশে দুটি চিরকুট লিখে রাখেন এবং বিষ পান করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ১২ ডিসেম্বর তিনি মারা যান। সেই চিরকুটে আত্মহত্যার তিনি জন্য ওই শিক্ষকদের দায়ী করেন।মধুসূদনের এই চিরকুট সম্পর্কে গত ১০ এপ্রিল প্রথম আলোর আইন ও অধিকার পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।