মধুসূদনের নামে বিশ্ববিদ্যালয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল বৃহস্পতিবার ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, সদস্যসচিব খসরু পারভেজ, উন্নয়নকর্মী সৈয়দ আকমল আলী, নজরুল ইসলাম খান, সিপিবির নেতা মফিজুর রহমান প্রমুখ।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ‘মাইকেল মধুসূদন দত্ত বাঙালিকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছেন। তাঁর জন্মভূমিতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আমাদের ন্যায্য দাবি। দেশের অন্য কবিদের জন্মভূমিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। তাই সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।’

মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ২১ জানুয়ারি থেকে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধু মেলা শুরু হচ্ছে।