মধ্য ফেব্রুয়ারিতে দেশে চোরাগোপ্তা হামলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেছেন, একটি গোষ্ঠী আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি দেশে চোরাগোপ্তা সন্ত্রাসী হামলা চালাবে।অবশ্য প্রতিমন্ত্রী এই তথ্যের ভিত্তি কী এবং কোন গোষ্ঠী এই হামলা করবে, তা স্পষ্ট করে বলেননি। তাঁর দাবি, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী এই হামলা চালাবে।গতকাল বুধবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বিজয় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘এই চক্র ১৫ ফেব্রুয়ারির মধ্যে যুদ্ধাপরাধের বিচারকাজ বাধাগ্রস্ত করার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করবে, সন্ত্রাসী কাজ চালাবে, চোরাগোপ্তা হামলা করে মানুষ হত্যা করবে।’ বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব, দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলাচত্বরের সামনে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, সুলতান উদ্দিন আহমেদ, এমদাদ হোসেন, মনোয়ার হোসেন খানসহ সংগঠনের কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের নেতারা এবং ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন। তাঁরা একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান।