মধ্য বাড্ডায় আগুনে পুড়ে গেছে শতাধিক টংঘর
রাজধানীর মধ্য বাড্ডায় গতকাল সোমবার দুপুরে আগুনে পুড়ে গেছে শতাধিক টংঘর। তবে এতে গতকাল রাত পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এসব ঘরের ‘মালিক’ স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি ও তাঁর পরিবার।
মধ্য বাড্ডার প্রগতি সরণির লায়নস চক্ষু হাসপাতালের উল্টো দিকের বহুতল ভবনগুলোর পেছনে অগভীর জলাভূমি। এর মধ্যেই কংক্রিটের পিলার পুঁতে কাঠের পাটাতন আর টিন-বাঁশের বেড়া ও ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে একতলা থেকে তিনতলা পর্যন্ত টংঘর।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, সেখানে দেড় শতাধিক ঘর রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি ও তাঁর পরিবার এই টংঘরগুলোর নিয়ন্ত্রক বা মালিক। এগুলো বোর্ডিং, মেস, দোকান ও নিম্ন আয়ের মানুষের থাকার ঘর (বস্তি) হিসেবে ব্যবহৃত হতো। এখানে গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ রয়েছে।
তিতাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে বলেন, তাঁর জানামতে এই গ্যাসের সংযোগ অবৈধ। বস্তির আগুন নিভে আসার পরেও গ্যাসের সংযোগ থেকে আগুন জ্বলতে দেখা গেছে।
এই বস্তি ও আশপাশের আবাসিক ভবনের বাসিন্দাদের বেশির ভাগই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেছে। অগ্নিকাণ্ডের সময় বস্তিসংলগ্ন বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভবন থেকে নেমে আসে।
আগুন লাগার পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রগতি সরণি-সংলগ্ন বহুতল ভবনগুলোর পেছন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। চারদিকে মানুষের চিৎকার, কান্না, ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন, পুলিশের বাঁশি, মানুষের ছোটাছুটি। এর মধ্যেই প্রচুর উৎসুক মানুষ মূল ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। একদল স্বেচ্ছাসেবী তাদের আটকানোর চেষ্টা করছেন।
মূল সড়ক থেকে ১০০ গজের মধ্যে টংঘরগুলোর অবস্থান হলেও সেখানে যাওয়ার রাস্তাটি খুব সরু। ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেখানে ঢুকতে না পেরে মূল সড়ক থেকেই লম্বা পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পানি ছিটিয়েছে।
পুড়ে যাওয়া ভাই ভাই বোর্ডিংয়ের বাসিন্দা মো. শিমুল জানান, তাঁরা কয়েকজন ওই মেসে থাকতেন। তিনি বাইরে ছিলেন, খবর পেয়ে ছুটে এসে দেখেন মেসটি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক নুরুল হক বলেন, বেলা একটার দিকে স্থানীয় লোকজন ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘরগুলো টিন ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সরু রাস্তার কারণে গাড়িগুলোকে মূল সড়কে রেখেই আগুন নেভানোর কাজ করতে হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় হকার ইয়াসিন, গাড়িচালক গিয়াসউদ্দীনসহ কয়েকজনকে স্বজন হারিয়ে গেছে বলে মাতম করতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত কেউ নিখোঁজ বা হতাহত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। সাময়িকভাবে স্বজনদের খুঁজে না পেয়ে কেউ কেউ মাতম করছিলেন বলে তাঁরা জানান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল হক বলেন, আগুনে হতাহত বা নিখোঁজের কোনো তথ্য মেলেনি। আগুন নিভে যাওয়ার পরেও বস্তি এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তিনি বলেন, রান্নার চুলা থেকে আগুন লেগেছে বলে তাঁরা প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো হিসাব করা হয়নি।
অবশ্য স্থানীয় কয়েকজনের ধারণা, ফুসকার কারখানার কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয়। আর জেলা ত্রাণ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম খন্দকার বলেন, তাঁরা ধারণা করছেন ১৫০ থেকে ২০০ ঘর আগুনে পুড়ে গেছে।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি বলেন, তাঁদের পাঁচ ভাইয়ের ৫০০ থেকে ৬০০ ঘর রয়েছে এখানে। অনেকগুলো বোর্ডিং হিসেবে ব্যবহৃত হতো। তিনি দাবি করেন, এটা তাঁদের পারিবারিক জায়গা। আগে এখানে পুকুর ছিল। সেটি ভরাট করে এগুলো বানানো হয়েছে।
ওসমান গণির দাবি, রাজউকের অনুমোদন নিয়েই ঘরগুলো তোলা হয়েছিল।