মধ্য মণিপুরে পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার গভীর একটি নলকূপের উৎপাদন প্রায় বন্ধ থাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে মিরপুরের মধ্য মণিপুর এলাকায়। কয়েক মাস ধরে পানির সংকট থাকলেও রমজান মাসের শুরু থেকে তা আরও প্রকট হয়েছে। টাকার বিনিময়ে ওয়াসার গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে, সেটাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মধ্য মণিপুর এলাকার মাইকওয়ালা মসজিদের পাশে অবস্থিত ওয়াসার পাম্পটির গভীর নলকূপ দিয়ে ভূগর্ভস্থ থেকে পানি ওঠে না বললেই চলে। মাইকওয়ালা মসজিদের পাম্পটি থেকেই মূলত মধ্য মণিপুর এলাকায় পানি সরবরাহ করা হয়। ওয়াসার পক্ষ থেকে পাম্পটি প্রায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ওয়াসার মডস জোন-৪-এর নির্বাহী পরিচালকের পক্ষ থেকে কয়েক মাস আগে মাইকওয়ালা মসজিদ এলাকার বাড়ি মালিক কল্যাণ সমিতি বরাবর একটি চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়েছিল, পাম্পের উৎপাদন কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট হবে। বর্তমান গভীর নলকূপ প্রাঙ্গণে নতুন গভীর নলকূপ খননের জায়গা নেই। এলাকার পানি সমস্যার সমাধান করতে হলে একটি গভীর নলকূপ বসাতে হবে। চিঠিতে নতুন নলকূপ বসানোর জায়গার ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়।
গতকাল মাইকওয়ালা মসজিদ পাম্পে গেলে অপারেটর বলেন, পানির স্তর অনেক নিচে চলে যাওয়ায় এই পাম্পের গভীর নলকূপ দিয়ে খুব কম পানি ওঠে। স্বাভাবিক সময়ে প্রতি মিনিটে প্রায় দুই হাজার লিটার পানি উঠলেও এখন মাইকওয়ালা মসজিদের পাম্পে প্রতি মিনিটে ২০০ লিটার পানিও উঠছে না। গতকাল মধ্য মণিপুর এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মোল্লা রোড, চেতনা সমবায় সমিতির পাশের গলি, জনকল্যাণ মসজিদের আশপাশের সড়ক ও মাইকওয়ালা মসজিদের আশপাশের সড়কে পানির সংকট বেশি তীব্র। এসব এলাকায় দুই মাস ধরে পানির অভাব থাকলেও জুন মাসের শুরু থেকে সংকট চরমে পৌঁছেছে।
মাইকওয়ালা মসজিদ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লা বলেন, এক-দুদিন পর পানি কিনে আনতে হয়। এলাকার লোকজন পাম্পে গিয়ে ভিড় করে। পাম্পের লোকজন বলে, পানি ওঠে না। ওয়াসার বড় কর্মকর্তারাও একাধিকবার পাম্পে আসছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না।
চেতনা সমবায় সমিতির পাশের গলির একটি বাসায় গিয়ে দেখা যায়, বাড়ির বাসিন্দারা নিচতলায় জড়ো হয়েছে। ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে পানি টেনে তুলে গোসল করছেন। বালতি ভরে সেখান থেকে টেনে তিন-চারতলায় নিয়ে যাচ্ছেন।
ওই বাড়ির বাসিন্দা শাহানা আকতার বলেন, বড় এক গাড়ি পানি কিনে আনলে এক-দুদিন চলে। রোজার মাসেই পানি বেশি দরকার। পানি না থাকায় ঠিকমতো অজু, গোসল করা যায় না। কবে পানির সমস্যা ঠিক হবে, সেটাও কেউ বলে না।
ওয়াসার মডস জোন-৪-এর নির্বাহী পরিচালক মো. জুলফিকার আলী বলেন, নতুন গভীর নলকূপ বসানোর জন্য জায়গা খুঁজে বের করতে এলাকাবাসীকে বলা হয়েছে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।