মধ্যপাড়া কঠিন শিলা খনি সাময়িক বন্ধ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মধ্যপাড়া কঠিন শিলাখনিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে খনির শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছে। খনিটি ফের চালু করতে ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে।
খনিটির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) মহাব্যবস্থাপক জাভেদ সিদ্দিকী বলেন, যন্ত্রপাতির অভাবে ২৩ সেপ্টেম্বর সকালে উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। খনি কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
জিটিসি সূত্র জানায়, খনি কর্তৃপক্ষ জিটিসিকে সময়মতো প্রয়োজনীয় মাইনিং ইকুইপমেন্ট (খননের জন্য ভারী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ) সরবরাহ না করায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। খনির ভূগর্ভে বর্তমানে উত্তোলনযোগ্য পাথরের মজুত শেষ হয়ে যাওয়ায় এবং যন্ত্রপাতির অভাবে নতুন শিলা উৎপাদন ইউনিট উন্নয়ন করতে না পারায় এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি খনির প্রায় আড়াই শ কর্মকর্তা ও শ্রমিককে কর্মবিরতিতে পাঠিয়েছে। এর আগে গত ১ আগস্ট খনির তিন পালার (শিফট) উৎপাদন কাজের দুই পালা বন্ধ করে ৪২৫ জন শ্রমিককে ছুটিতে পাঠানো হয়।
খনির শ্রমিক সাখাওয়াত হোসেন, সাজিদুল ইসলাম ও সাজ্জাদুল ইসলাম বলেন, ‘দ্রুত খনি চালু না হলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে।’
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, খনি থেকে পূর্ণমাত্রায় পাথর উৎপাদন করার লক্ষ্যে যন্ত্রপাতি আমদানি থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে প্রায় ১০০ কোটি টাকার ভারী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করার লক্ষ্যে ব্যাংকে ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। এসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী বিদেশি প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ দিয়ে পেতে এবং দেশে আনতে ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে। এ সময় পর্যন্ত খনি থেকে পাথর উৎপাদন পুরোপুরি বন্ধ থাকবে।
যন্ত্রপাতি আমদানির সঙ্গে সংশ্লিষ্ট জার্মানিয়া করপোরেশনের চেয়ারম্যান ও জিটিসির প্রতিনিধি সিরাজুল ইসলাম কাজী বলেন, বিদেশ থেকে যন্ত্রপাতি এনে তা খনির অভ্যন্তরে বসিয়ে উৎপাদনে যেতে ছয়-সাত মাস লাগবে।
খনি কর্তৃপক্ষ সূত্র জানায়, ২০১৩ সালের ২ সেপ্টেম্বর মধ্যপাড়া খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ঠিকাদার হিসেবে বেলারুশের জেএসসি ট্রেস্ট সকটোস্ট্রয় ও দেশীয় প্রতিষ্ঠান জার্মানিয়া করপোরেশন লিমিটেডকে নিয়ে গঠিত জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়া হয়।