মধ্যপাড়া খনি থেকে ট্রেনে পাথর পরিবহন শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল শুক্রবার থেকে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনি থেকে মালবাহী ট্রেনের মাধ্যমে পাথর পরিবহন শুরু হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল বাশার বলেন, গতকাল বাংলাদেশ রেলওয়ের ৫৮টি ওয়াগনে দুই হাজার মেট্রিক টন পাথর সরবরাহ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে এই পাথর কিনেছে। এ ছাড়া বেসরকারি ক্রেতারা সড়কপথে প্রতিদিন গড়ে ২ হাজার ১০০ মেট্রিক টন পাথর নিয়ে যাচ্ছেন। বর্তমানে খনির উপরিভাগে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন বিক্রয়যোগ্য পাথরের বিশাল মজুত আছে।
মধ্যপাড়া খনির পাথরের দামের বিষয়ে এমডি বলেন, শূন্য থেকে পাঁচ মিলিমিটার সাইজ বা আকারের প্রতি মেট্রিক টন পাথরের দাম মাত্র পাঁচ ডলার। ৫ থেকে ২০ মিলিমিটার আকার পর্যন্ত ২৬ ডলার, ২০ থেকে ৪০ এবং ৪০ থেকে ৬০ মিলিমিটার আকার পর্যন্ত ২৩ ডলার, ৬০ থেকে ৮০ মিলিমিটার ২২ ডলার এবং ৮০ থেকে ৩০০ মিলিমিটার আকারের প্রতি মেট্রিক টন পাথরের দাম ২০ ডলার। সেই সঙ্গে প্রতি মেট্রিক টন পাথরের দামের সঙ্গে সরকারি মূল্য সংযোজন কর (ভ্যাট) দশমিক ৯ ডলার যুক্ত হবে।
খনি সূত্র জানায়, কম খরচে খনি থেকে পাথর সরবরাহ করার লক্ষ্যে ২০০৭-০৮ সালে পার্বতীপুর-সান্তাহার লাইনের ভবানীপুর স্টেশন থেকে মধ্যপাড়া খনি পর্যন্ত ১৪ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়। কিন্তু সেই সময় দেশের চাহিদা অনুযায়ী পাথর উত্তোলন ও সরবরাহ করতে না পারায় ক্রেতারা খনি থেকে পাথর কেনার আগ্রহ হারিয়ে ফেলেন। এতে খনির চাতালে এবং বাইরে লাখ লাখ মেট্রিক টন পাথরের স্তূপ জমে যায়। এ অবস্থায় রেললাইনটি প্রায় অচল অবস্থায় পড়ে থাকে।