মধ্যপাড়া কঠিন শিলা খনিতে কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের মধ্যপাড়ার কঠিন শিলা খনির শ্রমিকেরা গতকাল রোববার দ্বিতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন। পাঁচজন শ্রমিকের নামে দ্রুত বিচার আইনে মামলা এবং তাঁদের চাকরিচ্যুতির প্রতিবাদে শনিবার সকালে তাঁরা কর্মবিরতি শুরু করেন।খনি সূত্রে জানা যায়, উৎপাদন পুরোপুরি বন্ধ আছে। কর্মবিরতির কারণে প্রতিদিন গড়ে ৮০০ মেট্রিক টন পাথর উৎপাদন হচ্ছে না। খনির কাজে নিয়োজিত ২৯ জন কোরিয়ার কারিগরি টেকনিশিয়ান (এক্সপার্ট) ভূগর্ভের জরুরি যন্ত্রপাতিগুলো চালু রেখেছেন।খনির মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) প্রকৌশলী আবুল বাশার প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সঙ্গে আপাতত সমঝোতার সুযোগ নেই। তাঁরা কোম্পানির চুক্তির ধারা অমান্য করে কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে বিষয়টির ফয়সালা হবে।গত মঙ্গলবার সকালে খনিতে সদ্য নিয়োগ পাওয়া নয়জন কর্মকর্তাকে শ্রমিকেরা কাজে যোগদানে বাধা দেন এবং তাঁদের লাঞ্ছিত করেন। সরকারি কাজে বাধাদান এবং কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক কর্মকাণ্ডের অভিযোগে আবুল বাশার বাদী হয়ে গত বৃহস্পতিবার পার্বতীপুর থানায় পাঁচজন শ্রমিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। পরে খনির জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান ব্লু-স্টার সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে ওই পাঁচজন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়।