মধ্যপাড়া কঠিন শিলা খনিতে তিন মাস পর পাথর উত্তোলন শুরু
প্রায় তিন মাস বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনিতে পাথর উত্তোলন শুরু হচ্ছে। টানা শ্রমিক ধর্মঘট, নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে খনির দায়ভার হস্তান্তর এবং নতুন করে শ্রমিক নিয়োগের কারণে পাথর উত্তোলন বন্ধ ছিল।
কর্তৃপক্ষ জানায়, নতুন ব্যবস্থাপনায় নিয়োগপ্রাপ্ত ১৮৯ জন শ্রমিক প্রতিদিন এক শিফটে পাথর উত্তোলনের কাজ শুরু করবেন।
খনি সূত্রে জানা গেছে, ১৫৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মধ্যপাড়া কঠিন শিলা খনির প্রকল্প বাস্তবায়ন করে উত্তর কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ-সাউথ কো-অপারেশন করপোরেশন। ২০০৭ সালের ২৫ মে মাসে খনিটি পেট্রোবাংলার কাছে হস্তান্তর করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর পেট্রো বাংলার সঙ্গে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে এক হাজার চার কোটি টাকায় ছয় বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ওই সময় চাকরি স্থায়ীকরণ, বরখাস্ত হওয়া পাঁচ শ্রমিককে পুনর্বহাল ও শতকরা ২০ ভাগ মহার্ঘভাতা প্রদানসহ পূর্বঘোষিত পাঁচ দফা দাবিতে শ্রমিকেরা ২৫ নভেম্বর থেকে ধর্মঘট শুরু করেন। এ কারণে বন্ধ হয়ে যায় খনির উৎপাদন কার্যক্রম।