মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিকদের কর্মবিরতি
পাঁচ শ্রমিকের নামে দ্রুত বিচার আইনে মামলা ও তাঁদের চাকরিচ্যুতির প্রতিবাদে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলার শ্রমিকেরা গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিকদের ভাষ্য, কর্তৃপক্ষ অন্যায়ভাবে তাঁদের বিরুদ্ধে মামলা ও চাকরি থেকে ছাঁটাই করেছে। শিগগির মামলা প্রত্যাহারসহ চাকরি পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত মঙ্গলবার সকালে শ্রমিকেরা খনিতে সদ্য নিয়োগ পাওয়া নয় কর্মকর্তাকে যোগদানে বাধা ও তাঁদের লাঞ্ছিত করেন। সরকারি কাজে বাধাদান ও কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক কর্মকাণ্ডের অভিযোগে খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল বাশার বাদী হয়ে গত বৃহস্পতিবার পার্বতীপুর থানায় পাঁচ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামি ও চাকরিচ্যুত শ্রমিকেরা হলেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুল হক, সহসভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। শ্রমিকেরা জানান, গতকাল সকালে তাঁরা কাজে যোগ দিতে যান। এ সময় পাঁচ শ্রমিককে ফটকে প্রবেশে বাধা দেওয়া হয়। ওই ঘটনার পরই শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে খনির ফটকে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে খনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খনি কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের কর্মবিরতির কারণে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মধ্যপাড়া কঠিন শিলা খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল বাশার প্রথম আলোকে বলেন, দোষী শ্রমিকদের অবশ্যই শাস্তি পেতে হবে। তাঁদের কর্মকাণ্ডে কর্মকর্তারা ভীত। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মামলা করা হয়েছে। আইনের মাধ্যমে বিষয়টির সমাধান হওয়া উচিত। বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের মানববন্ধনক্ষতিগ্রস্ত জমির উচ্চমূল্য নির্ধারণ, এলাকায় খনিনগর নির্মাণ, দ্রুত পুনর্বাসনসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা গতকাল দেড় ঘণ্টা মানববন্ধন করেছে। বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় কালুপাড়া থেকে বড়পুকুরিয়া বাজার পর্যন্ত বাঁশের সাঁকোর ওপর এ কর্মসূচি পালন করা হয়। কালুপাড়া, জিগাগাড়ি, মৌপুকুর, পাতিগ্রাম, বাঁশপুকুর, বৈদ্যনাথপুর ও বড়পুকুরিয়া গ্রামের নারী-পুরুষ ও শিশুরা ব্যানার, ফেস্টুনসহ মানববন্ধনে অংশ নেন।এ কর্মসূচিতে বক্তব্য দেন ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফা জামান, শিক্ষক আব্দুস সামাদ, বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী ভুট্টু, শামসুল আলম, মিনহাজুল হক প্রমুখ।