মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে শ্রমিকদের ধর্মঘট চলছে। শ্রমিকদের অভিযোগ, গতকাল রোববার বিকেল চারটায় খনি কর্তৃপক্ষ এবং শ্রমিকনেতাদের বৈঠক হওয়ার কথা থাকলেও বিকেল পাঁচটা পর্যন্ত খনির ব্যবস্থাপনা পরিচালক সাড়া দেননি। বাধ্য হয়ে ক্ষুব্ধ শ্রমিকেরা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে খনির ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন পাল্টা অভিযোগ করে বলেছেন, সর্বশেষ বিকেল সাড়ে চারটায় শ্রমিকেরা বসতে চেয়েছিলেন। কিন্তু তিনি অপেক্ষা করে থাকলেও তাঁরা আসেননি।স্থায়ী নিয়োগ এবং চলতি বছরের এপ্রিল পর্যন্ত বকেয়া বেতন-ভাতা খনি কর্তৃপক্ষ কর্তৃক পরিশোধের দাবিতে ২২ মে বিকেল তিনটা থেকে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।গতকাল সারা দিন শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে খনি এলাকার বাইরে বিক্ষোভ মিছিল ও মিটিং করেছে। পাথর উত্তোলন বন্ধ ছিল। মধ্যপাড়া শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোমিনুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত শ্রমিকেরা অপেক্ষায় থেকে ক্ষুব্ধ হয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। খনিতে কর্মরত ২৯২ জন শ্রমিককে সরকারিভাবে এবং স্থায়ী নিয়োগ দিতে হবে। কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিতভাবে জানালেও তারা শ্রমিকদের কথায় কর্ণপাত করেনি। অপর দিকে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, তিনি সারা দিন খনিতে ছিলেন। স্থানীয় উপজেলা প্রশাসনসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। যেহেতু শ্রমিকেরা সবাই স্থানীয় অধিবাসী, তাই কেবল খনি কর্তৃপক্ষ না বসে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। কিন্তু বার বার কথা দিয়েও শ্রমিকেরা বসেননি। সর্বশেষ বিকেল সাড়ে চারটায় তাঁরা আলোচনায় বসার কথা বলেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে থাকলেও শ্রমিকেরা আসেননি।