মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিকেরা ধর্মঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী নিয়োগ এবং চলতি বছরের এপ্রিল পর্যন্ত বকেয়া বেতন-ভাতা খনি কর্তৃপক্ষ কর্তৃক পরিশোধ করার দাবি না মানায় গতকাল শনিবার বেলা তিনটা থেকে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানির (কঠিন শিলা প্রকল্পের) শ্রমিকেরা অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু করেছেন। খনি থেকে পাথর তোলা বন্ধ হয়ে গেছে। খনি কর্তৃপক্ষ শ্রমিক ধর্মঘটের কথা স্বীকার করেছে।মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তাঁদের প্রধান দাবি খনিতে কর্মরত ২৯২ জন শ্রমিককে সরকারিভাবে স্থায়ী নিয়োগ দিতে হবে। শ্রমিকেরা বেসরকারি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে থাকতে চান না। কারণ ১৯৯৯ সালের ৬ মে এবং ২০০০ সালের ২ নভেম্বর বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি বিধি অনুযায়ী ২৯২ জন শ্রমিককে ছয় মাসের জন্য সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী ছয় মাস সাফল্যজনকভাবে প্রশিক্ষণ শেষ করতে পারলে খনির শ্রমিকদের স্থায়ী নিয়োগ দেওয়ার কথা। কিন্তু প্রশিক্ষণ শেষ করার দুই বছর পরও তাঁদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। অন্যদিকে ২০০৪ সালে সরকার হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে। দরপত্র বিজ্ঞপ্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। পেটের দায়ে ওই শ্রমিকেরাই বাধ্য হন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগপত্র নিয়ে কাজ করতে। শ্রমিকদের অভিযোগ, এর ফলে খনির শ্রমিকেরা তাঁদের ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের ধর্মঘটে যাওয়ার কথা স্বীকার করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন। তিনি শ্রমিকদের অভিযোগ ও দাবির যৌক্তিকতা স্বীকার করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। আজ রোববার কোনো একসময় শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। তিনি জানান, ২০০০ সালে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খনি কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়োগ দেয়। কিন্তু ২০০২ সালে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের নিয়োগের সিদ্ধান্ত নেয়। আট বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা কাজও করে আসছেন। কিন্তু হঠাৎ করে গত ১ এপ্রিল থেকে তাঁরা বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বেতন-ভাতা তোলা বন্ধ করে দিয়ে খনি কর্তৃপক্ষের অধীনে স্থায়ী নিয়োগ দাবি করেন।