মধ্যপাড়া কঠিন শিলাখনির আটটি ডেটোনেটর চুরি ১৫ জনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনির বিস্ফোরক গুদাম থেকে গত সোমবার রাতে আটটি ইলেকট্রিক ডেটোনেটর চুরি হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার পার্বতীপুর থানায় মামলা করা হয়েছে। এ পর্যন্ত ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনউদ্দিন বলেন, এ ঘটনায় সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) প্রবীর তালুকদার ও উপব্যবস্থাপক (উৎপাদন) মো. মনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত এবং দায়িত্বরত চার আনসার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবারই খনির মহাব্যবস্থাপক মীর আবদুল হান্নানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।মীর আবদুল হান্নান বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গুদামে রক্ষিত মালামালের মধ্যে আটটি ইলেকট্রিক ডেটোনেটর নেই। প্রতিবেদন এমডির কাছে জমা দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাওয়ার জেল (বিস্ফোরক) ছাড়া চুরি যাওয়া ওইসব মালামাল দিয়ে বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়, তবে নিজস্বভাবে তৈরি কিংবা অন্য জায়গা থেকে বিস্ফোরক সংগ্রহ করে বিস্ফোরণ ঘটানো সম্ভব।তবে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার পিপিএম প্রথম আলোকে জানান, খনি কর্তৃপক্ষের দেওয়া চুরির হিসাবে তাঁরা সন্তুষ্ট হতে পারছেন না। বিপুল পরিমাণ ডেটোনেটর খোয়া যাওয়ার আশঙ্কা করছে পুলিশ। এ জন্য ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ও পুলিশ নিয়ে কমিটি করে খোওয়া যাওয়া বিস্ফোরকের পুনরায় হিসাব বের করা হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হবে। এ পর্যন্ত ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজনৈতিক কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড ছাড়াও যেকোনো উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।খনি কর্তৃপক্ষ জানায়, খনির পাথর উত্তোলন করতে হলে ভূগর্ভে শক্তিশালী ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়। এ কারণে খনির অভ্যন্তরে নির্দিষ্ট স্থানে সব সময় বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা হয়। এসব রাখার জন্য খনির প্রশাসনিক ভবনের অন্তত দেড়-কিলোমিটার দূরে খাগড়াবন্দ সামাজিক বনের ভেতরে চারটি গুদাম ঘর আছে।