মধ্যপাড়া খনিশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি
স্থায়ীভাবে নিয়োগ ও বকেয়া বেতন ২১ মের মধ্যে পরিশোধ করা না হলে পরদিন থেকে ধর্মঘট করার হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানির শ্রমিকেরা। গতকাল রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তাঁরা। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৯ সালের ৬ মে এবং ২০০০ সালের ২ নভেম্বর দুই দফা বিজ্ঞপ্তি দিয়ে ২৯২ জন শ্রমিককে ছয় মাসের জন্য সাময়িক নিয়োগ দেয় মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, ছয় মাস সফলভাবে কাজ করলে খনিশ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ শেষ করার পরও স্থায়ী নিয়োগ পাননি শ্রমিকেরা। ২০০৪ সাল থেকে দরপত্র দিয়ে ওই ২৯২ জন শ্রমিককে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করানো হচ্ছে। এতে ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা। তাই তাঁরা খনি প্রকল্পে স্থায়ীভাবে নিয়োগ পেতে চান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ২০০২ সালে একনেক সিদ্ধান্ত নেয় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির শ্রমিকদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করতে হবে। ফারুক হোসেন আরও বলেন, তাই শ্রমিকদের দাবি মানতে হলে সরকারকে সিদ্ধান্ত বদলাতে হবে।