মধ্যপাড়া পাথরখনিতে পুনরায় কাজ শুরু
দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনিতে গতকাল শনিবার ভোর থেকে দ্বিতীয় শিফটে খনির উন্নয়নকাজ শুরু করেছে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। খনিশ্রমিক ও কর্মচারীরা পুনরায় চাকরিতে যোগদান করায় সেখানে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জিটিসি সূত্র জানায়, পাথরখনির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে খনির ভূগর্ভে নতুন স্টোপ (শিলা উৎপাদন ইউনিট) নির্মাণসহ খনির উন্নয়নে বিভিন্ন দেশ থেকে বিশ্বমানের অত্যাধুনিক মেশিনারিজ ও যন্ত্রাংশ আমদানি করা হয়েছে। এসব মেশিনারিজ ও যন্ত্রাংশ সংগ্রহ এবং আমদানি-প্রক্রিয়ায় সময় লাগায় খনির উন্নয়নকাজে বিঘ্ন ঘটে। এতে গত কয়েক মাসে খনির কার্যক্রম চালাতে জিটিসিকে লোকসান গুনতে হয় কোটি কোটি টাকা। ইতিমধ্যে প্রায় সব মেশিন ও যন্ত্রাংশ খনিতে এসে পৌঁছেছে। খনি থেকে অতি দ্রুত পাথর উৎপাদন শুরু করার জন্য উন্নয়নকাজ অল্প সময়ে শেষ করতে দুই শিফটে কাজ শুরু করা হয়েছে। জিটিসিতে কর্মরত বিদেশি খনি বিশেষজ্ঞ দল দিনে-রাতে এসব আধুনিক মেশিন স্থাপনে কাজ করছেন। পুরো উৎপাদন কার্যক্রম শুরু হলে পর্যায়ক্রমে সব খনিশ্রমিক চাকরিতে যোগদান করবেন।
মধ্যপাড়া পাথরখনির এমডি প্রকৌশলী মাহমুদ খান বলেন, খনির উন্নয়নকাজের সময়ও খনি থেকে পাথর উত্তোলন করা হবে। এ ছাড়া এপ্রিলে তিন শিফটে পাথর উত্তোলন করা হবে।