মধ্যপ্রাচ্য থেকেই এসেছে ৬১ শতাংশ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ছয় বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত প্রবাসীর লাশ এসেছে, তার ৬১ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ থেকে। শুধু সৌদি আরব থেকেই এসেছে ৩০ শতাংশ লাশ।
মধ্যপ্রাচ্য-প্রবাসীরা বলছেন, মধ্যপ্রাচ্য মূলত মরু আবহাওয়ার দেশ। প্রচণ্ড গরম আর কাজের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বাংলাদেশি শ্রমিকদের থাকার পরিবেশও ভালো নয়। এ ছাড়া যে টাকা খরচ করে তাঁরা বিদেশে যান, সেই টাকা তোলার জন্য প্রচণ্ড চাপও থাকে। এসব কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হূদেরাগে আক্রান্ত হন তাঁরা। আবার কর্মক্ষেত্রে দুর্ঘটনাও তাঁদের মৃত্যুর একটি কারণ।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৩ হাজার ৮৭২ জন প্রবাসীর লাশ এসেছে। এর মধ্যে চার হাজার ২০৯ জনই মারা গেছেন সৌদি আরবে। অর্থাৎ শুধু সৌদি আরব থেকেই ৩০ শতাংশ লাশ এসেছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার একজন, কুয়েত থেকে ৮৮৬, ওমান থেকে ৬৬৪, বাহরাইন থেকে ৩৭৪ এবং কাতার থেকে ৩০৩ জন লাশ হয়ে ফিরেছেন।
২৮ বছর সৌদি আরবে চাকরি করেছেন প্রকৌশলী ফখরুল বাশার। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে এত শ্রমিক মারা যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘কাজের পরিবেশ বা বসবাসের পরিবেশ খারাপ, সেটি তো আমরা জানি। কিন্তু তার চেয়েও বড় সমস্যা মানসিক চাপ। কারণ, বাংলাদেশ থেকে পাঁচ থেকে আট লাখ টাকা খরচ করে তাঁরা যান। আবার কাজ করার অভিজ্ঞতাও সবার থাকে না। কীভাবে, কত দিনে টাকা তোলা যাবে, সেই দুশ্চিন্তা সব সময় তাঁদের তাড়িয়ে বেড়ায়। অনেকে এত চাপ নিতে পারেন না, অসুস্থ হয়ে পড়েন।’
গত বছরের ১৭ ডিসেম্বর সৌদি আরব থেকে রফিকুল ইসলামের (৪২) লাশ এসেছে। টাঙ্গাইলের দেলদুয়ারে তাঁর বাড়ি। রফিকুলের স্ত্রী জুলেখা বেগম প্রথম আলোকে বলেন, ‘সৌদি আরবে যাওয়ার তিন বছরের মাথায় আমার স্বামী স্ট্রোকে মারা গেছে। কিন্তু যাওয়ার আগে সে তো পুরোপুরি সুস্থ ছিল। কেন মারা গেল কিছুই জানি না।’ কোনো দুশ্চিন্তা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, অনেক টাকা ঋণ নিয়েছিল। সেই টাকা তোলার চিন্তা তো ছিলই।
একই দিনে আবুধাবি থেকে আসে জাহাঙ্গীর আলমের (৩৯) লাশ। তিনিও স্ট্রোকে মারা গেছেন। তাঁর বাড়ি ঢাকার দনিয়ায়। ওই দিনই বাহরাইন থেকে আসে মিজানুর রহমানের লাশ (৪০)। বাড়ি কুমিল্লায়। মিজানুরের বড় ভাই খোরশেদ আলম জানান, তাঁর বড় ভাই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। হঠাৎ স্ট্রোকে মারা যান।
দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন বাঙালি চিকিৎসক আরিফুর রহমান। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই তিনি গিয়েছেন এবং বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে এত প্রবাসীর মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, সৌদি আরবে খাদ্য খুব সস্তা এবং তেলযুক্ত। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে যতটুকু খাবার খেতেন, এখানে আসার পর তাঁদের খাওয়ার পরিমাণ অনেক বেড়ে যায়। সস্তায় বিদেশি সিগারেট পাওয়া যায়, যা হূদেরাগের ঝুঁকি বাড়ায়। এসবের পাশাপাশি দুশ্চিন্তা, মালিকের অত্যাচার, দেশে স্বজনদের নানা চাহিদা, বিনোদনহীন একঘেয়ে জীবন তাঁদের মানসিক চাপে ফেলে দেয়। এ রকম অবস্থায় স্ট্রোক বা হূদেরাগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। একই সমস্যা মধ্যপ্রাচ্যের অন্য দেশেও আছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় জানতে চাইলে আরিফুর রহমান বলেন, যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করা উচিত। অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক অবস্থায়ই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে এ ক্ষেত্রে সমস্যা হলো, এখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি।