মধ্যপ্রাচ্যে গৃহকর্মী নির্যাতন, রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁরা সৌদি আরব গিয়েছিলেন গৃহকর্মীর কাজ নিয়ে। ফিরেছেন নির্যাতনের শিকার হয়ে। (ফাইল ছবি)
তাঁরা সৌদি আরব গিয়েছিলেন গৃহকর্মীর কাজ নিয়ে। ফিরেছেন নির্যাতনের শিকার হয়ে। (ফাইল ছবি)

সৌদি আরব, জর্ডান, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে শারীরিক-মানসিকসহ নানা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে ফিরেছেন নারী গৃহশ্রমিকেরা। অনেকেই সরকারিভাবে বা মানবাধিকার সংগঠনগুলোর সহায়তায় খালি হাতে মুমূর্ষু অবস্থায় শুধু জান নিয়ে দেশে ফিরছেন। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে নারীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে আসক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নারী গৃহশ্রমিকেরা নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরছেন। অনেকেই আসকসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর কাছে ব্যক্তিগতভাবে বা পরিবার-স্বজনদের মাধ্যমে দেশে ফিরে আসার জন্য আবেদন করছেন। বেতন না দেওয়া, যৌন নির্যাতন, শারীরিক ও মানসিক নির্যাতন, ফোন কেড়ে নেওয়া, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না দেওয়া, কাজের নির্দিষ্ট সময়সীমা না থাকা, ছুটি না থাকা একাধিক অভিযোগ করছেন গৃহশ্রমিকেরা। এ ছাড়া এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে বিক্রি করে দেওয়াসহ বিভিন্ন রকমের পাশবিকতার শিকার হচ্ছেন।

সৌদি আরবে ধর্ষণসহ নানা রকম নির্যাতনের শিকার হয়ে অন্তত ২২ জন বাংলাদেশি নারী শ্রমিককে জীবন দিতে হয়েছে। ২০১৫ সালের মে মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সৌদি আরবের জেদ্দা এবং রিয়াদে অবস্থিত সেফ হোম থেকে প্রায় দেড় হাজার নারীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা অধিকাংশ নারীই শারীরিক নির্যাতনের কারণে তাদের কর্মক্ষমতা হারিয়েছেন। পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। তারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত অনিশ্চিত জীবন যাপন করছেন।

বিজ্ঞপ্তিতে আসক বলেছে, সরকারি সব নিয়মকানুন মেনেই নারীরা বিদেশ গিয়েছেন। তাই এ বিষয়ে রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। এই নারীদের নির্যাতনের বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেসব রিক্রুটিং এজেন্সি নারীদের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের সম্মুখীন করছে তাদের চিহ্নিত করে নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্যা নিরসনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নির্যাতনের শিকার নারীদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে রাষ্ট্রকে।