মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী নির্যাতন বন্ধ করতে হবে
অভিবাসন খাতের সমস্যাগুলো দূর করার জন্য সুশাসন ও সঠিক ব্যবস্থাপনা দরকার। যাঁরা বিদেশে যাচ্ছেন, সেই প্রবাসীরা টাকা পাঠানোর যন্ত্র নন, তাঁরা মানুষ। কাজেই তাঁদের অধিকারের বিষয়গুলোতেও নজর দিতে হবে। নারী গৃহকর্মীরা যেন কোনোভাবেই নির্যাতিত না হন, সেটি নিশ্চিত করতে হবে।
গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) ঢাকা বৈঠক সামনে রেখে আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা এ কথা বলেন। বেসরকারি সংস্থা ওয়ারবি, এডব্লিউ ইন্টারন্যাশনাল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে অভিবাসন খাতের সঙ্গে জড়িত সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা যোগ দেন।
সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ বলেন, কোনো একটি দেশের বদলে প্রবাসীদের অধিকারসহ নানা বিষয়ে এশিয়ার দেশগুলো একই সুরে একই স্বার্থে কথা বলতে পারে। বর্তমানে যে প্রযুক্তির যুগ চলছে, সেটিও অভিবাসীদের জন্য কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজহারুল হক বলেন, ‘ডিসেম্বরে ঢাকায় জিএফএমডির সম্মেলন। এর আগেই আমরা নাগরিক সমাজের কথা শুনতে চাই। এ জন্য সবার সহযোগিতা দরকার।’
অনুষ্ঠানের সঞ্চালক মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, অভিবাসন ব্যবস্থাপনা যেমন ঠিক করা দরকার, তেমনি অধিকারও গুরুত্বপূর্ণ। গৃহকর্মী হিসেবে যেসব নারী যাচ্ছেন, তাঁরা যেন কোনোভাবেই নির্যাতিত না হন, সেটি নিশ্চিত করতে হবে। শুধু নারী গৃহকর্মী নন, ইউরোপে অনেক কেয়ারগিভার দরকার। সে জন্যও প্রশিক্ষণ জরুরি। আর সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।
বেসরকারি সংস্থা ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বলেন, জিএফএমডির মূল উদ্দেশ্য অভিবাসন খাতের সমস্যা দূর করে সুশাসন তৈরি করা। সুশাসন শুধু দেশে তৈরি করলে হবে না, যেসব দেশ শ্রমিক নেয় আর যেসব দেশ পাঠায়, সব জায়গাতেই এই সুশাসন তৈরি করতে হবে।
ওয়ারবির মহাসচিব ফারুক আহমেদ বলেন, ‘জাতিসংঘের মহাসচিব আরও পাঁচ-ছয় বছর আগে ঘোষণা করেছিলেন, নারী গৃহকর্মী নির্যাতন কোথাও সহ্য করা হবে না। কিন্তু এখনো বিদেশে নারী গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছেন। এটি বন্ধ করতে হবে।’
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপপ্রধান রেহনুমা সালাম খান, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান শাকিরুল ইসলাম, জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি আলী হায়দার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মহাসচিব ওয়াজেদ আলী খান এবং অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের পরিচালক সুমাইয়া ইসলাম বক্তৃতা করেন।