অভিবাসনবিষয়ক জাতীয় সংলাপে বলা হয়েছে, অভিবাসন খাতের সমস্যাগুলো দূর করতে সুশাসন ও সঠিক ব্যবস্থাপনা দরকার। প্রবাসীরা টাকা পাঠানোর যন্ত্র নন, তাঁরা মানুষ। কাজেই তাঁদের অধিকারের বিষয়গুলোতেও নজর দিতে হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মীরা যাতে কোনোভাবেই নির্যাতিত না হন, সেটি নিশ্চিত করতে হবে।
গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) ঢাকা বৈঠক সামনে রেখে গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনক্লজ সম্মেলনকেন্দ্রে জাতীয় এই সংলাপ হয়। বেসরকারি সংস্থা ওয়ারবি, এডব্লিউ ইন্টারন্যাশনাল ও পররাষ্ট্র মন্ত্রণালয় এর আয়োজন করে। সংলাপে অভিবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা যোগ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ বলেন, কোনো একটি দেশের বদলে প্রবাসীদের অধিকারসহ নানা বিষয়ে এশিয়ার দেশগুলো একই সুরে, একই স্বার্থে কথা বলতে পারে। বর্তমানে যে প্রযুক্তির যুগ চলছে, সেটিও অভিবাসীদের জন্য কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজহারুল হক বলেন, ‘ডিসেম্বরে ঢাকায় জিএফএমডির সম্মেলন। এর আগেই আমরা নাগরিক সমাজের কথা শুনতে চাই।’
সংলাপের সঞ্চালক মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, অভিবাসন ব্যবস্থাপনা যেমন ঠিক করা দরকার, তেমনি অধিকারও গুরুত্বপূর্ণ। গৃহকর্মী হিসেবে যেসব নারী যাচ্ছেন, তাঁরা যেন কোনোভাবেই নির্যাতিত না হন, সেটি নিশ্চিত করতে হবে। ইউরোপে অনেক কেয়ারগিভার দরকার। সে জন্যও প্রশিক্ষণ জরুরি।
ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বলেন, জিএফএমডির মূল উদ্দেশ্য অভিবাসন খাতের সমস্যা দূর করে সুশাসন তৈরি করা। সুশাসন শুধু দেশে তৈরি করলে হবে না, যেসব দেশ শ্রমিক নেয় আর যেসব দেশ পাঠায়, সব জায়গাতেই এই সুশাসন তৈরি করতে হবে। ওয়ারবির মহাসচিব ফারুক আহমেদ বলেন, জাতিসংঘের মহাসচিব আরও পাঁচ-ছয় বছর আগে ঘোষণা করেছিলেন, নারী গৃহকর্মী নির্যাতন কোথাও সহ্য করা হবে না। কিন্তু এখনো বিদেশে নারী গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছেন। এটি বন্ধ করতে হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপপ্রধান রেহনুমা সালাম খান বলেন, একটি দেশের পক্ষে অভিবাসনব্যবস্থা ঠিক করা সম্ভব নয়। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, নারী শ্রমিকেরা যাতে নির্যাতিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি আলী হায়দার চৌধুরী বলেন, মেয়েদের প্রশিক্ষণ দিয়ে পাঠানো দরকার। অভিবাসন খরচও কমাতে হবে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মহাসচিব ওয়াজেদ আলী খান বলেন, অভিবাসন হতে হবে মর্যাদাসম্পন্ন। জাতিসংঘ সনদে অভিবাসীদের যেসব অধিকার দেওয়া হয়েছে, সেগুলো রক্ষা করতে হবে। অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, যাঁরা কাগজপত্রের অভাবে অবৈধ হয়ে গেছেন, তাঁদের অধিকারের বিষয়গুলোও মনে রাখতে হবে।