মধ্যপ্রাচ্যে নির্যাতিত নারী গৃহকর্মীদের পুনর্বাসন চায় টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য থেকে নির্যাতনের শিকার হয়ে নারী গৃহকর্মীদের ফেরত আসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নির্যাতিত নারীদের পুনর্বাসন, ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্যাতিত হয়ে নারী গৃহকর্মীদের দেশে ফিরে আসা একদিকে অভিবাসন খাতে সুশাসনের ঘাটতি, অন্যদিকে দায়িত্বশীল ব্যক্তিদের নিষ্ক্রিয়তা নারী অধিকারের প্রতি সংবেদনশীলতার ঘাটতির পরিচায়ক। পরিবারের সচ্ছলতা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের আশায় এই হতভাগ্য নারীরা বিদেশ পাড়ি দিয়েছিলেন। তাঁদের অধিকার, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই সরকারের এবং এ ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশিত। কিন্তু বাস্তবে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে গন্তব্য দেশে নারী শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, নির্যাতনকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা, আইনি সংস্কারের তাগিদ দেওয়া, নির্যাতিত নারীদের ন্যায্য ক্ষতিপূরণ, স্বাস্থ্যসেবা ও প্রাপ্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পুরোনো। বেশ কয়েকটি দেশ সেখানে গৃহকর্মী হিসেবে নারী শ্রমিক পাঠানো স্থগিত রেখেছে। এ ক্ষেত্রে সরকারকেও কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে গন্তব্য দেশ থেকে প্রতিকারমূলক সুনির্দিষ্ট পদক্ষেপের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত নতুন করে নারী শ্রমিক পাঠানো স্থগিত করা যেতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী গৃহকর্মীদের সুরক্ষা ও সহায়তার জন্য বাংলাদেশের দূতাবাসগুলোর সংবেদনশীল সক্ষমতা ও কার্যকরতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য ছাড়া যেসব গৃহকর্মীর জন্য অধিকতর নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে সক্ষম, সেসব দেশে পাঠানোর চিন্তা করা যেতে পারে।

এ ছাড়া টিআইবি ২০১৭ সালের মার্চে নিজেদের প্রকাশিত ‘অভিবাসন প্রক্রিয়ায় সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে গবেষণা ও পরবর্তী সময়ে ২০১৮ সালের জানুয়ারিতে মন্ত্রণালয়ে উপস্থাপিত সুপারিশগুলো বাস্তবায়নের জোর তাগিদ দেয়।

বিবৃতিতে টিআইবি জানায়, শুধু জুন মাসের শেষ সপ্তাহেই নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন ১২০ জন নির্যাতিত নারী। এর আগের মাসে ফিরেছেন আরও ২৬০ জন। অভিবাসন প্রক্রিয়ায় বিদ্যমান ঝুঁকিসহ এ ব্যাপারে গণসচেতনতা সৃষ্টিতে সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া পুরো প্রক্রিয়ায় দালাল শ্রেণি ও রিক্রুটিং এজেন্সির প্রতারণা বন্ধে ‘ওয়ান স্টপ’ ব্যবস্থার প্রচলন করার আহ্বান জানায় সংগঠনটি।