মধ্যপ্রাচ্যে প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন নারী গৃহকর্মীরা
লেবাননসহ মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসেবে পাড়ি জমানো নারীশ্রমিকেরা প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনের হাত থেকে বাঁচতে এসব নারী কখনো কখনো কারাগারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। আবার জীবিকার কারণে বিদেশে প্রাণ দেওয়ার পরও তাঁদের লাশ দেশে আনার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ছে। বিদেশে যে ১০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান গৃহকর্মীদের পাঠায়, তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গৃহকর্মীদের কাছ থেকে সরকারের নির্ধারিত খরচের কয়েক গুণ টাকা নেওয়া হচ্ছে। আবার ন্যূনতম ২৫ বছরের আগে নারীদের বিদেশে না পাঠানোর যে বিধিনিষেধ আছে, সেটাও জনশক্তি রপ্তানিকারকেরা মানছে না। পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে বেশি বয়স দেখিয়ে তরুণীদের বিদেশে পাঠানো হচ্ছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান অনুযায়ী, বিদেশে পাড়ি জমানো গৃহকর্মীদের সিংহ ভাগই যাচ্ছেন লেবাননে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১৩ হাজার নারীশ্রমিক বিদেশে গেছেন, তাঁদের ৯০ শতাংশই গেছেন লেবাননে। মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন সরকারি হিসাবে নারীশ্রমিকের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। বেসরকারি সূত্রগুলো মনে করে, এই সংখ্যা ৫০ হাজারের ওপর।জানা গেছে, নারীশ্রমিকদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো জালিয়াতির আশ্রয় নিচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই গৃহকর্তা-কর্ত্রী এবং বিদেশে বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার ও তাঁদের সহযোগীরা নারীশ্রমিকদের ওপর নির্যাতন করছেন।বিএমইটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিদেশি যে ১০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান কর্মী পাঠায়, তার শীর্ষে রয়েছে ইস্ট-ওয়েস্ট ট্রেড লিংকার্স ও মেসার্স হাসান ইন্টারন্যাশনাল।লেবাননে অবস্থানরত নারীশ্রমিক সাথী আক্তারের স্বামী আবদুল মোতালেব বিএমইটি ও পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে ইস্ট-ওয়েস্ট ট্রেড লিংকার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। ডিবি পুলিশ ইস্ট-ওয়েস্টে নারীশ্রমিক সরবরাহকারী কয়েকজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে অ্যালবাম উদ্ধার করে। ডিবি সূত্র জানায়, ইস্ট-ওয়েস্ট আগে সে দেশীয় এজেন্টের মাধ্যমে নিয়োগকর্তার কাছে নারীশ্রমিকদের ছবি পাঠায়। ছবি দেখে নিয়োগকর্তা যাঁকে পছন্দ করেন, তাঁকেই পাঠানো হয়। ৫ অক্টোবরের মধ্যে সাথীকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও তাঁকে এখনো ফেরত আনা হয়নি। আবদুল মোতালেব মুঠোফোনে প্রথম আলোকে জানান, সাথীর ওপর লেবাননে অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে—ইস্ট-ওয়েস্টকে এ কথা জানালে তারা বলে, ‘আমাদের কাজ শ্রমিক বিদেশে পাঠানো, ফিরিয়ে আনা নয়। আপনি পারলে সাথীকে ফিরিয়ে আনেন।’একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এনে প্রথম আলোকে জানিয়েছেন মৃত রুবিয়া আক্তারের ভাই সোহরাব মিঞা। গত বছর রুবিয়া আক্তার দুবাই যাওয়ার পর প্রায় সাত মাস নিখোঁজ ছিলেন। একদিন দালালের মাধ্যমে জানতে পারেন, তাঁর বোন আগুনে পুড়ে মারা গেছেন। রুবিয়ার লাশ আনার ব্যাপারেও ইস্ট-ওয়েস্ট কোনো সহযোগিতা করতে চায়নি। পরে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় রুবিয়ার লাশ আনা হয়।ইস্ট-ওয়েস্ট ট্রেড লিংকার্সের স্বত্বাধিকারী ইমরোজ হায়দার প্রথম আলোকে বলেন, তাঁরা এ ধরনের জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত নন। ছবি পাঠানো হয় নারীদের নিরাপত্তার স্বার্থে, বোঝানোর জন্য যে তাঁদের বয়স ২৫ বছরের বেশি।মেসার্স হাসান ইন্টারন্যাশনালের বিরুদ্ধেও বিএমইটিতে একাধিক অভিযোগ দায়ের করেছেন নারীশ্রমিক ও তাঁদের পরিবারের লোকজন। লেবানন-ফেরত নারীশ্রমিক দুই সন্তানের জননী নার্গিস বেগম জানান, ২০০৯ সালের ১৩ মে লেবাননে যাওয়ার পর অক্টোবর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। নির্যাতনের শিকার হওয়ায় কাজ করতে অস্বীকৃতি জানালে তাঁকে তাঁর বাসস্থান থেকে অন্য জায়গায় নিয়ে হাসান ইন্টারন্যাশনালের সে দেশীয় ব্যবসায়িক অংশীদার ও তাঁর সহযোগীরা মারধর করেন। নার্গিস বলেন, অত্যাচার সহ্য করতে না পেরে তিনি আদলিয়া আমলনামা নামের একটি কারাগারে আশ্রয় নেন, পরে সেখান থেকে তিনি দেশে ফেরেন। ওই কারাগারে আরও বাংলাদেশি নারীশ্রমিক রয়েছেন বলে তিনি জানান।জানতে চাইলে হাসান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল হাসান বলেন, ‘রাস্তায় ৫০টি গাড়ি চললে দু-একটা তো খানাখন্দে পড়তেই পারে। কিন্তু আমরা চেষ্টা করছি সবাই যেন ভালো থাকে।’ তিনি আরও বলেন, তাঁদের পাঠানো কোনো নারীশ্রমিক কারাগারে আটক আছেন বলে তাঁর জানা নেই। এ ছাড়া ওই দেশে তাঁর ব্যবসায়িক অংশীদার কর্তৃক নারীশ্রমিকদের ওপর নির্যাতন করার অভিযোগও মিথ্যা। তিনি দাবি করেন, বর্তমানে বিএমইটিতে তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মাঝেমধ্যে কিছু সমস্যা সৃষ্টি হলে তিনি আইন অনুযায়ী তার সমাধান করেছেন।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিদেশে গৃহকর্মী প্রেরণকারী ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ পাওয়া যাচ্ছে। সমস্যা সমাধানে লেবাননে যেতে ইচ্ছুক নারীশ্রমিকদের তালিকা তৈরির দায়িত্ব জেলা পর্যায়ে ব্যুরো অফিস ও জেলা প্রশাসনগুলোকে দেওয়া হয়েছে।জানতে চাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া লেবাননে সবচেয়ে বেশি নারীশ্রমিক থাকায় সেখানে একজন নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব আলী হায়দার বলেন, বিএমইটি নিজেদের স্বার্থে মাত্র কয়েকটি প্রতিষ্ঠানকে গৃহকর্মী পাঠানোর অনুমতি দিয়েছে। কোনো সমস্যা হলে তার দায় অবশ্যই বিএমইটির ওপর বর্তাবে। সবার জন্য উন্মুক্ত হলে এই কটি প্রতিষ্ঠান এতটা করার সুযোগ পেত না।