মধ্যপ্রাচ্যের কাফালা পদ্ধতি সংস্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী কর্মী নির্যাতন বন্ধে মধ্যপ্রাচ্যের কাফালা পদ্ধতির (মধ্যপ্রাচ্যে কোনো একজন ব্যক্তির অধীনে বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়, যাকে কাফালা পদ্ধতি বলে) সংস্কার দাবি করেছেন অভিবাসন খাতের বিশেষজ্ঞরা। আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অভিবাসীদের অধিকার খর্ব করেছে কাফালা পদ্ধতি: ফিফা কি পারবে এর বিলোপ করতে?’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। অভিবাসন খাতের বেসরকারি সংস্থাগুলোর জাতীয় জোট ন্যাশনাল অ্যালায়েন্স ফর মাইগ্রেন্টস রাইটস বাংলাদেশ (এনএএমআরবি) এই সভার আয়োজন করে।


সেমিনারে বক্তারা বলেন, ২০২২ সালের বিশ্বকাপ কাতারে হবে। এই বিশ্বকাপকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে বিদেশি শ্রমিক নিয়োগের কাফালা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। কারণ কাফালা মানে দাস পদ্ধতি। এই পদ্ধতির কারণে একজন শ্রমিক নির্যাতিত হলে, এমনকি মারা গেলেও মালিকের অনুমতি ছাড়া তিনি ফিরতে পারেন না।

সভায় সভাপতিত্ব করেন ব্রাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক শীপা হাফিজা। বক্তব্য দেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক গোলাম মোস্তফা খান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবুল কালাম। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।