খাদ্যনিরাপত্তা নিয়ে কর্মশালায় খাদ্যমন্ত্রী
মধ্যবর্তী দালালদের কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক
মধ্যবর্তী দালালদের কারণেই কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে মনে করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এ বছর বোরোর উৎপাদন খুব ভালো হয়েছে। কিন্তু কৃষক যথাযথ দাম পাবেন কি না, তা নিয়ে সরকার উদ্বিগ্ন।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার ‘খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি’ শীর্ষক গবেষণাবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘এ বছর প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৬ টাকা। সরকার ১৮ টাকা দরে তা কেনার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি, এটি যথেষ্ট দাম। তবে এ দাম কৃষকের কাছে কতটা পৌঁছাবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে পারি না।’খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রাম (এনএফপিসিএসপি) দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের গুদামগুলো এখন চালে পরিপূর্ণ। নতুন করে চাল কেনার আগে গুদামগুলো খালি করতে হবে।’ তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে বর্তমান সরকার খাদ্য ও পুষ্টিনিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বছরই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বোরো ধানের উৎপাদন ভালো হওয়ায় সরকার মোটা চাল রপ্তানির চিন্তা-ভাবনা করছে।মন্ত্রী বলেন, বর্তমান সরকার সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ কারণে খোলাবাজারে স্বল্প মূল্যে ১২ লাখ মেট্রিক টন চাল বিক্রি করা হয়েছে, যা একটি রেকর্ড।কর্মশালায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশ চলতি বছর চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে কেবল উৎপাদন করলেই হবে না, সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের খাদ্যনিরাপত্তা অর্জনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেবে।কর্মশালার উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব খাদ্য সংস্থার (এফওডব্লিউ) প্রতিনিধি ডোমেনিক বার্গান, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের চার্জ দি অ্যাফেয়ার্স মিল্কো ভ্যান গুল, খাদ্য সচিব বরুণ দেব মিত্র প্রমুখ।