মধ্যবর্তী নির্বাচন চাইলে অনাস্থা প্রস্তাব আনতে বললেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এই দাবি অসাংবিধানিক বলে মন্তব্য করে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন চাইলে বিরোধী দল সংসদে এসে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিক। ভোটে অনাস্থা প্রস্তাব পাস হলে সরকার সঙ্গে সঙ্গে পদত্যাগ করবে।গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘অতীতে সামরিক শক্তি অভ্যুত্থান করে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। এ ধরনের পরিস্থিতি এখন আর বাংলাদেশে নেই। বিশ্বও আগের মতো নেই। অনেক পরিবর্তন হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এ কথা মনে রাখতে হবে।’ সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়ার বাড়ি, তাঁর দুই ছেলে ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে আন্দোলন করছে বিএনপি। এ আন্দোলন একান্তই খালেদা জিয়ার পারিবারিক বিষয়। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ও একটি পরিবারের স্বার্থ এক হতে পারে না। সৈয়দ আশরাফ বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে খালেদা জিয়া পরিবার এখন দেশের অন্যতম ধনী পরিবার। তাঁকে আজ ভাবতে হবে, সেনানিবাসের ১৬৫ কাঠা জমির ওপর নির্মিত বাড়িটি এখন পর্যন্ত দখল রাখা কতটা সমীচীন। একটি পরিবারের জন্য কতটুকু জমি প্রয়োজন? কত শত কোটি টাকার প্রয়োজন?’ খালেদা জিয়ার বাড়ি ও তারেক-কোকোর বিষয়ে রাজনৈতিক আলোচনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, যেকোনো বিষয়ে আলোচনা করতে হলে বিএনপিকে সংসদে এসে করতে হবে। তবে তারেক-কোকো ও খালেদা জিয়ার বাড়ির বিষয়টি পুরোপুরি আইনের এখতিয়ারে চলে গেছে। প্রধানমন্ত্রী আসলেই কি হুমকির মধ্যে আছেন—এ প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আশঙ্কা অমূলক নয়। বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে। বর্তমান সরকার তাঁর জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। তারপরও সন্দেহ থেকে যায়। কারণ যুদ্ধাপরাধী, শিবির ও বিএনপিরও অনেক নেতা শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহামদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।