মধ্যবর্তী নির্বাচন জনগণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হওয়ায় মধ্যবর্তী নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। সরকারের উচিত, গণতন্ত্র রক্ষায় জনগণের এ দাবি মেনে ক্ষমতা থেকে সরে গিয়ে নির্বাচন দেওয়া। যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে গতকাল শনিবার লন্ডনের হিথ্রু বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন খালেদা জিয়া। খবর ইউএনবির।গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভার্জিন আটলান্টিক এয়ারলাইনসের একটি বিমানে নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছেড়ে যান খালেদা জিয়া। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সব সময়ই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছি। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। বরং আমাদের আন্দোলনের জন্য রাজপথে ঠেলে পাঠিয়েছে।’ব্রিটিশ রাজনীতিবিদদের সঙ্গে তাঁর বৈঠকের ব্যাপারে খালেদা জিয়া বলেন, ঢাকা-লন্ডনের বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।লন্ডন সফরকে ‘শুভেচ্ছা’ সফর উল্লেখ করে খালেদা জিয়া বলেন, তাঁর সফর ‘ফলপ্রসূ’ হয়েছে। বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ও নাতনিকে দেখতেই লন্ডন সফর করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেকের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।