মধ্যবর্তী নির্বাচনের দাবি এম কে আনোয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণ সরকারের সঙ্গে নেই উল্লেখ করে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার ‘বাংলাদেশের গণতন্ত্র ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ইয়ুথ ফোরাম গোলটেবিলের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার সরকারকে উদ্দেশ করে বলেন, ‘জনগণের কাছে গিয়ে জানতে চান, তারা কেমন আছে। তারা এ সরকার চায় না। আপনাদের ঘণ্টা বেজে গেছে। তাই নিজেদের কাজের মূল্যায়ন করে দ্রুত মধ্যবর্তী নির্বাচন দিন।’এম কে আনোয়ার বলেন, সরকারের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। জনগণের দাবির সঙ্গে একাত্ম হয়ে বিএনপি হরতাল ডেকেছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা প্রমাণ করতে আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পাকিস্তানিরা ধরে নিয়ে যাওয়ার পর পশ্চিম পাকিস্তানে শেখ মুজিবের বিচার হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। তাঁকে গ্রেপ্তারের পর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে।’ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, দেশের স্বার্থে সব দলের নেতাদের নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার কাজটি শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই কাজটিকে আরও এগিয়ে নিয়েছেন জিয়াউর রহমান। সাবেক মন্ত্রী টি এম গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন প্রমুখ বক্তব্য দেন।মহিলা দলের আলোচনা সভা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ যতবার অস্বীকার করবে, বিএনপি ততবারই বলবে জিয়াই স্বাধীনতার ঘোষক। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারবে না।মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ রেহানা আক্তার, রাশেদা বেগম প্রমুখ বক্তব্য দেন।