মধ্যবর্তী নির্বাচনের আলোচনাই হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা l ছবি: ফোকাস বাংলা
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা l ছবি: ফোকাস বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শোকাবহ আগস্ট মাসের ৪০ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মধ্যবর্তী নির্বাচন করার কোনো আলোচনাই দলের মধ্যে হয়নি। প্রধানমন্ত্রীও এ বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেননি।
কর্মসূচির প্রথম দিনে গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতা-কর্মী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ ছাড়া শুক্রবার মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনের কর্মসূচিও পালন করা হয়।
বাসস জানায়, টুঙ্গিপাড়ায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, মধ্যবর্তী নির্বাচন করার কোনো আলোচনাই হয়নি। প্রধানমন্ত্রী যদি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন, তাহলে যেকোনো সময় তা হতে পারে। সংবিধানে এই ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া আছে।
ফরিদপুর অফিস জানায়, গতকাল টুঙ্গিপাড়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ বলেন, দলীয় সরকারের অধীনে দেশে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যে সম্ভব, তা শেখ হাসিনার সরকার প্রমাণ করে দেবে। সেই নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে, তাহলে দেশ থেকে বিএনপির রাজনীতি নির্মূল হয়ে যাবে।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনো দিন নির্বাচন হবে এবং তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই।
বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে আরও অংশ নেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিপুলসংখ্যক নেতা-কর্মী।