মধ্যবর্তী নির্বাচনের দাবি মানলে বিএনপি সংসদে যেতে রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নিলে জাতীয় সংসদের নবম অধিবেশনে (রোববার শুরু) তাঁরা যোগ দিতে রাজি আছেন। গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।এদিকে সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র চলছে। জয়নুল আবদিন ফারুকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঢাকার সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, ‘বর্তমান সরকার আবারও একদলীয় বাকশাল কায়েম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা চালাচ্ছে। আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে সরকার বিচার বিভাগে আওয়ামী লীগের লোকজনকে বসাচ্ছে।’ মানববন্ধনে ঢাকা মহানগর বিএনপির নেতা এম এ হান্নান, ঢাকার সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সৈয়দ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এ বি এম ফারুক, রেলওয়ে শ্রমিক দলের নেতা মিজানুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।‘মধ্যবর্তী নির্বাচনে রাজি হলে বিএনপি সংসদে যাবে’: নয়াপল্টনে মিছিল-পূর্ব সমাবেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকার মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নিলে আমরা সংসদে যেতে রাজি আছি। তবে এ অধিবেশন বাজেট অধিবেশন, না সংবিধান সংশোধনে বিশেষ অধিবেশন, তা পরিষ্কার করতে হবে। আমরা এ ব্যাপারে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি।’বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মিছিল হয়। মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছায় সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী অবৈধ করা হয়েছে। এরপরও বিএনপিকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করা হলে সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানো ছাড়া আর কোনো পথ থাকবে না।’স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে বিএনপির মহানগর কমিটির সদস্য-সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, সিনিয়র সহসভাপতি মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের পর নয়াপল্টন থেকে একটি মিছিল বিজয়নগর, পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।‘বাকশালের ফরম ময়লার ঝুড়িতে ফেলেছিলেন জিয়া’: এদিকে সকালে বনানীর বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি, বরং বাকশালের ফরম ময়লার ঝুড়িতে ফেলেছিলেন। জিয়াউর রহমান দরখাস্ত করে বাকশালে যোগ দিয়েছিলেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মে জেনেভায় যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করে হাফিজ এ কথা বলেন।