মধ্যবর্তী নির্বাচনের দাবি হাস্যকর: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিরোধী দল মধ্যবর্তী নির্বাচনের দাবি করছে। এই দাবিকে ‘হাস্যকর ও তামাশা’ মন্তব্য করে তিনি বলেন, এটা মামার হাতের মোয়া নয় যে, চাইলাম আর গিলে খেলাম।গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও অযৌক্তিক ইস্যু’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের জনগণ মহাজোটকে বিপুল ভোটে নির্বাচিত করে পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিরোধী দল যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যত ষড়যন্ত্রই করুক, তাদের আশা পূরণ হবে না।বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হেমায়েত উদ্দিন বীর বিক্রমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার, মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন প্রমুখ বক্তব্য দেন।