মধ্যবর্তী নির্বাচনের দিবাস্বপ্ন স্বপ্নই থেকে যাবে: স্পিকার
ছয় দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আবার শুরু হয়েছে। বিরোধী দল গতকালও সংসদে যোগ দেয়নি।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে থাকলেও অধিবেশনে যোগ দেননি। তিনি সংসদ নেতার কার্যালয়ে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সঙ্গে বিকেল সোয়া চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বৈঠক করেন।অধিবেশনের শুরুতেই স্পিকার বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দিবাস্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এ ধরনের চিন্তা বাদ দিয়ে সংসদে এসে বিরোধী দলের উচিত জনগণের কথা বলা। কারণ, দিবাস্বপ্ন বাস্তবায়ন বড় কঠিন।প্রধান বিরোধী দল বিএনপি সংসদে না এলেও দলীয় সাংসদেরা প্রশ্ন ও নোটিশ জমা দিচ্ছেন। গতকাল অধিবেশনের প্রথম প্রশ্নটি ছিল বিএনপির শহীদউদ্দীন চৌধুরীর। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাককে করা প্রশ্নটি সংসদে উপস্থাপিত হয়নি।প্রশ্নোত্তর পর্ব শেষে ৭১ বিধিতে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে একটি নোটিশের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।