মধ্যবর্তী নির্বাচনের পক্ষে জাপার আনিসুল ইসলাম
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিনি মধ্যবর্তী নির্বাচনের পক্ষে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, সহিংসতার মধ্যেও সরকার যে একটা নির্বাচন করে ফেলেছে, এটি বড় সফলতা।
নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ, সংসদে দলটির অবস্থান কী হবে, সরকারের প্রথম কাজ কী হওয়া উচিত ইত্যাদি নানা বিষয়ে আজ আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই জাপা নেতা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে। দেশকে বিভক্ত করে কেউ খুশি হতে পারে না। তবে সে নির্বাচনের আগে কিছু বিষয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং’য়ে পৌঁছানো দরকার। সহিংসতা কোনো সমাধান হতে পারে না।’ তিনি বলেন, সহিংসতার কারণে যদি সংবিধানে পরিবর্তন করা হতো, তাহলে যেকোনো কিছু ঘটে যেতে পারত। তিনি দাবি করেছেন, জাতীয় পার্টি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্বাচনে গেছে। জাতীয় পার্টি নির্বাচনে না গেলে রাষ্ট্রব্যবস্থায় একটা শূন্যতার সৃষ্টি হতো।
সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের আসনে বসবে কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তাঁর দল বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সংসদে বিরোধী দল হিসেবে থাকলেও জাতীয় পার্টি সরকারেও অংশ নিতে পারবে। তিনি বলেন, পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি যখন ক্ষমতায় ছিল, তখন নওয়াজ শরিফের মুসলিম লিগ বিরোধী দলে ছিল। কিন্তু বিরোধী দল থেকে বেশ কয়েকজন সরকারে অংশ নেন। এ প্রক্রিয়ায় সাংবিধানিক কোনো বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন। গতকাল সোমবার দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে যাবে বলে যে বক্তব্য দিয়েছেন, এ ব্যাপারে এখনো দলে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন।
যাঁরা বাংলাদেশে ‘জনমত’ সৃষ্টিতে প্রভাব রাখেন, তাঁদের সমালোচনা করেছেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, গণতন্ত্র নিয়ে যাঁরা অনেক কথা বলছেন, তাঁরা সহিংসতা নিয়ে কোনো কথা বলছেন না। তাঁর ভাষায়, ‘বিজ্ঞজনেরা ভোটের অধিকারের কথা বলেন, কিন্তু রাইট টু লাইফের কথা বলেন না। শত শত লোক মারা যাচ্ছেন। যেসব দল সহিংসতা করছে তাদের কনডেম (নিন্দা) করেন।’ তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন এসেছে। ২০১৩ সালের আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি পালন করলে যখন পুলিশ বাধা দিত। এখন বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা হচ্ছে। পুরো আন্দোলনটাই গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার জন্য।
প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন, ব্যাপক কারচুপির অভিযোগ ইত্যাদি বিষয়ে এই জাপা নেতা বলেন, প্রধান বিরোধী দলের ভোটের পরিমাণ কমপক্ষে ৪০ শতাংশ। যেহেতু বিএনপি নির্বাচনে আসেনি কাজেই স্বাভাবিকভাবেই ভোটার সংখ্যা ছিল কম। কোনো ‘স্বাভাবিক’ অবস্থার মধ্যে নির্বাচন হয়নি। কিন্তু একদল নির্বাচনে না গেলে নির্বাচন হবে না—এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। এ কথা বড় দুটি দলের ক্ষেত্রেই প্রযোজ্য। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ’৯১ ও ’৯৬ সালে জেলে ছিলেন। তবুও জাতীয় পার্টি নির্বাচনে গেছে। এখন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার, নির্বাচন কমিশন যেন স্বাধীন হয়, এ বিষয়গুলোয় জোর দেওয়া দরকার।