বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে, অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। দেশে মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই ওঠে না। নির্বাচন হবে ২০১৯ সালে ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে যেকোনো একদিন।
তোফায়েল আহমেদ গতকাল রোববার বিকেলে গাজীপুরের প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারের ৬৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আহসান উল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ আহসান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতা উল্লাহ মণ্ডল প্রমুখ।
মন্ত্রী বলেন, ‘আজকে শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে না থাকতেন তবে বহির্বিশ্বে এ দেশের পরিচিতি হতো একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে। আজ আমরা আন্তর্জাতিক বিশ্বে গণতান্ত্রিক দেশ হিসেবে সমাদৃত।’
মন্ত্রী আরও বলেন, গ্রামগঞ্জের মানুষ ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু খালেদা জিয়ার তা পছন্দ হয় না। তাই তিনি যড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।