মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, রাজনীতিতে কেউ ভুল করলে তাকেই ভুলের খেসারত দিতে হবে। সংসদে বিরোধী দল রয়েছে। বাইরে যারা আছে, তারা তো বাইরেই থাকবে।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংলাপ? সংলাপ আবার কী? কার সঙ্গে সংলাপ? দেশে এমন কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সংলাপে বসার প্রয়োজন পড়েছে। যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তারা রাজনৈতিক ভুল করেছিল। এখন সংলাপ করে তাদের কি ক্ষমতায় আনতে হবে?’
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের জন্য গত শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এতে সবাইকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন নিউইয়র্কে রয়েছেন।
যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতের সঙ্গে আপস নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘সরকারের সঙ্গে জামায়াতের কোনো আঁতাত হয়নি। আঁতাত হলে বিচার কী করে হয়? সাঈদীর ফাঁসির রায় আমি নয়, আদালত দিয়েছেন।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এত দিন পর আওয়ামী লীগ বিচারটা করেছে বলেই কি এসব কথা উঠছে?’
আমার জন্ম টুঙ্গিপাড়ায়, শিলিগুড়িতে নয়: সম্প্রতি বিএনপির নেত্রী খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার জন্ম নিতান্ত গ্রামে, টুঙ্গিপাড়ায়। আমার কোথাও যাওয়ার সুযোগ নেই। পাসপোর্ট-ভিসার প্রয়োজন নেই।’ খালেদা জিয়ার নাম উল্লেখ না করে তিনি বলেন, যাঁর জন্ম শিলিগুড়িতে, প্রয়োজনে পাসপোর্ট-ভিসার জন্য তাঁকেই ভাবতে হবে।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি হলে দেশে উন্নয়ন সম্ভব হতো না। সুশীল সমাজের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘আমার দেওয়া বেসরকারি টিভি, বিদ্যুৎ আর শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে আমার সরকারের সমালোচনা করেন। এসব সুশীল লোকজন অনেকেই অসাংবিধানিক শক্তির ক্ষমতা গ্রহণে আগ্রহী। এর মাধ্যমে তাঁদের পতাকা, পদ, পদবি নিশ্চিত হতে পারে।’
যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান: জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে পৃথক এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ৪০ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সদ্য স্বাধীন দেশের জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান আহ্বান।
বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বাংলাদেশের মিত্ররা বিশ্বশান্তি ও নিরাপত্তায় অসামান্য অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বিশ্বশান্তি ও নিরাপত্তা স্থাপনে আপনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলোভ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত পিটার ওয়েস্টম্যাকট প্রমুখ উপস্থিত ছিলেন।
নিশা দেশাই বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।
গ্লোবাল সিটিজেন উৎসবে যাচ্ছেন না: আজ স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আয়োজিত গ্লোবাল সিটিজেন উৎসবে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। উৎসবে তাঁর বক্তব্য দেওয়ার কথা ছিল। শুক্রবার দুপুরে হঠাৎ করেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দীর্ঘ ছয় মাস চেষ্টা করে প্রধানমন্ত্রীর এ উৎসবে যোগদান নিশ্চিত করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু নেতার কারণে প্রধানমন্ত্রী এ সমাবেশে যোগ দিচ্ছেন না। তাঁরা যুক্তি দিচ্ছেন, যুক্তরাষ্ট্রে সক্রিয় বিএনপি-জামায়াতসংশ্লিষ্ট লোকজন ব্যাপক সমাবেশ করে আন্তর্জাতিক দর্শক-শ্রোতাদের সামনে প্রধানমন্ত্রীকে হেয় করতে পারেন। তাই নিরাপত্তাজনিত কারণে তিনি ওই উৎসবে যোগ দিচ্ছেন না।
আওয়ামী লীগের নেতা কাজী কয়েস প্রথম আলোকে জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন বলেন, আওয়ামী লীগের নেতারা কেন নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করলেন, তা তাঁর বোধগম্য নয়।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, উন্মুক্ত বিশ্ব নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার নৈতিক অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা তাঁদের অবস্থানের প্রতি সতর্ক থেকেই পদক্ষেপ নিয়েছেন।