মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বলে সংবিধানে কিছু নেই। তাই এই ব্যবস্থার কোনো প্রশ্নই ওঠে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৫ আগস্ট জন্মদিন পালন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, কাগজপত্রে তাঁর জন্মদিন ১৫ আগস্ট নয়। তবে কারও জন্মদিন ১৫ আগস্ট হতে পারে। সে ক্ষেত্রে তাঁর উচিত জন্মদিনটা একদিন পরে পালন করা।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কর্মকমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন।
সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সাবেক ভিপি এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।