মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যবর্তী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, দেশে কী এমন সমস্যা দেখা দিয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে?

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি আন্তর্জাতিক সমস্যা, সবাইকে নিয়েই এর সমাধান করতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদবিরোধী চেতনা গড়ে তুলতে দেশের প্রতিটি জেলার নাগরিক ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। জঙ্গিবাদ মোকাবিলায় বিএনপি-জামায়াত জোটের কাছ থেকে সমর্থন পাওয়ার আশা নেই জানিয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন ঠেকানোর নামে মানুষ পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তা পূর্ণ করাই আমার একমাত্র লক্ষ্য।’ তিনি বলেন, আত্মজীবনী লেখার কোনো পরিকল্পনা তাঁর নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে তাঁর তিন দিনের সফরের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, বাংলাদেশের সাফল্য বিশ্বসভায় তিনি তুলে ধরেছেন। এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি বিষয় ছিল শরণার্থী সমস্যা ও জলবায়ু সংকট। দুটি ক্ষেত্রেই বাংলাদেশ তার অবস্থান তুলে ধরেছে। বিশেষ করে, জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সাং সু চির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের মধ্যকার সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়—এই নীতি অনুসরণের ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক অর্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কারও প্রতি তাঁর পক্ষপাত আছে কি না, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী এমন প্রার্থীর প্রতিই বাংলাদেশের সমর্থন থাকবে।

যুক্তরাষ্ট্রে ও কানাডায় যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনি অবস্থান করছে, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এই সফরে কোনো অগ্রগতি হয়েছে কি না তা জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশের সঙ্গেই আলোচনা চলছে। এ ব্যাপারে দুই দেশের নিজস্ব আইন-কানুন রয়েছে, তা অনুসরণ করেই চিহ্নিত অপরাধীদের দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

সংসদ ভবন এলাকা থেকে অন্য স্থাপনা (মাজার) সরিয়ে নেওয়ার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে লুই কান-এর মূল নকশা সংগ্রহের ব্যবস্থা করছে। এই নকশা ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।