মধ্যবর্তী স্টেশনে চাপ বেশি, দূরপাল্লার ট্রেনে যাত্রী কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাথরঘাটা এলাকার বাসিন্দা সোহরাব হাসান গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটায় চট্টগ্রাম স্টেশনে যান। তিনি ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য লাইনের দাঁড়ান। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়। সকাল সাড়ে নয়টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায় বিজয় এক্সপ্রেসের ৬০৩ আসনের টিকিট। সোহরাব টিকিট আর পাননি। মন খারাপ করে গতকাল দুপুরে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করেন।

গতকাল চট্টগ্রাম স্টেশনে সোহরাবের মতো ময়মনসিংহে যেতে আগ্রহী আরও চার শতাধিক যাত্রী টিকিট পাননি। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহের ১০টি আন্তনগর যাত্রী পরিবহন করছে। কিন্তু গতকাল সবচেয়ে বেশি যাত্রীর চাপ ছিল বিজয় এক্সপ্রেসের। অথচ ঢাকাগামী আন্তনগর সুবর্ণ, সোনার বাংলা ও তূর্ণা এক্সপ্রেস এবং সিলেটগামী উদয়নের অর্ধেক টিকিটও বিক্রি হয়নি। গতকাল বিক্রি হয়েছে আগামী ১ সেপ্টেম্বরের বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহের ১০টি আন্তনগর ট্রেন চলাচল করে। এসব ট্রেনের আসনসংখ্যা ৬ হাজার ৯৫৪। গতকাল বুধবার রাত আটটা পর্যন্ত এসব গন্তব্যের বিক্রি হয়েছে মাত্র ৪ হাজার ৮৬ আসনের টিকিট।

গতকাল চট্টগ্রাম স্টেশনে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা চট্টগ্রাম ও ঢাকার মধ্যবর্তী ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবে যেতে স্টেশনে টিকিট কিনতে আসেন। কিন্তু বেশির ভাগ যাত্রী মধ্যবর্তী স্টেশনের টিকিট পাননি।

গতকাল চট্টগ্রাম স্টেশনে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া যেতে আগ্রহী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জসিম উদ্দিনের সঙ্গে। গ্রামে তাঁর বাবা-মা থাকেন। গতকাল সকাল সোয়া সাতটায় স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে তিনি আগামী ১ সেপ্টেম্বরের যাত্রার মহানগর গোধূলির টিকিট পাননি।

গতকাল ভোর সাড়ে ছয়টায় চট্টগ্রামে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ান চট্টগ্রাম ইপিজেডে কর্মরত তৌহিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লায় যাওয়ার আন্তনগর গোধূলির শীতাতপ নিয়িন্ত্রত তিনটি স্নিগ্ধার টিকিট কিনতে এসেছি। দুই ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর পেয়েছি। আমার ভালো লাগছে।’

রেলওয়ে সূত্র জানায়, গতকাল সবচেয়ে কম টিকিট বিক্রি হয়েছে ঢাকাগামী সোনার বাংলার। এই ট্রেনের আসনসংখ্যা ৫৮৪। আর বিক্রি হয়েছে মাত্র ৬৫ আসনের টিকিট। একইভাবে ঢাকাগামী আন্তনগর তূর্ণার ৬৬৮ আসনের বিপরীতে আগামী ১ সেপ্টেম্বরের ৩০২টি টিকিট বিক্রি হয়েছে। ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের ৫২৭টি টিকিট বিক্রি হয়েছে। এই ট্রেনের আসনসংখ্যা ৮৯৯। সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের আসনসংখ্যা ৭০৮ এবং বিক্রি হয়েছে ৩১৬ আসনের টিকিট।

রেলের কর্মকর্তারা জানান, ঈদের সময় ঢাকা ও চট্টগ্রাম ফাঁকা হয়। চট্টগ্রাম থেকে ঈদের যাত্রায় ঢাকাগামী ট্রেন প্রায় ফাঁকা থাকে। তাই ১ সেপ্টেম্বরের ঢাকাগামী দেশের বিরতিহীন সুবর্ণ ও সোনার বাংলার টিকিট খুব কম বিক্রি হয়েছে।

চট্টগ্রাম স্টেশন মাস্টার নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঈদের আগের দিন চট্টগ্রাম থেকে দূরপাল্লা ট্রেনের টিকিট কম বিক্রি হয়। এ ছাড়া এবার দেশের অনেক জায়গায় বন্যা হয়েছে। ঢাকা হয়ে যাঁরা উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলায় যেতে আগ্রহী তাঁরা অনেকে চট্টগ্রাম ছাড়ছেন না।